সময় কলকাতা ডেস্ক,২৫ আগস্ট : আবার চার বছর পরে ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল। কাকতালীয়ভাবে হলেও যাদের কাছে সেবার হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল সেই গোকুলামকে ২-১ গোল হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিল ইস্টবেঙ্গল। সেমিফাইনালে আগামী মঙ্গলবার তারা মুখোমুখি হবে নর্থ ইস্ট ইউনাইটেডের।
ম্যাচে নির্ণায়ক ভূমিকা নিলেন দু দলের দুই ডিফেন্ডার।এ বছর অস্ট্রেলিয়ায় মার্চ মাসের ১০ তারিখে এ লিগে পার্থ গ্লোরির তারকা এক ডিফেন্ডার ৫৭ সেকেন্ডের মধ্যে লাল কার্ড দেখে মাঠ ছেড়ে বেরিয়ে যান। মারকুটে হিসেবে দুর্নাম কুড়িয়ে হয়তো বিষন্ন ছিলেন ।মাস পাঁচেকের মধ্যে ভাগ্য পরিবর্তনের আশায় এসে পৌঁছেছেন ভারতে। এসেই স্তম্ভ হয়ে উঠেছেন লাল হলুদে । ভরসা দিচ্ছেন দলকে। আগের অস্ট্রেলিয়ানদের মত ব্যর্থতার মধ্যে দিয়ে শুরু করেননি। এর আগেও দেখা গিয়েছিল আক্রমণে উঠে হেড করে গোল করার চেষ্টা করেন এই দীর্ঘকায় ডিফেন্ডার। ডুরান্ড কোয়ার্টার ফাইনালে ইলশেগুড়ি বৃষ্টির মধ্যেই মাত্র ৪২ সেকেন্ডে চেষ্টাকে সফল করলেন অস্ট্রেলিয় ডিফেন্ডার জর্ডন এলসে। এলসের গোলে এগিয়ে যাওয়া ইস্টবেঙ্গল মাঝে মাঝে ঝলসে উঠল ডুরান্ড কোয়ার্টার ফাইনালে। শেষ পর্যন্ত ছাড়পত্র পেল ডুরান্ড কাপ সেমিফাইনালের।
আর একজন তারকা ক্যামেরুনের আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন আমিনউ বৌবা। দশ বছর আগে ক্যামেরুনের হয়ে খেলেছেন। ছ ফুট চার ইঞ্চি লম্বা সেন্ট্রাল ডিফেন্ডার এখন গোকুলাম ডিফেন্সের ভরসা । ডিফেন্স ছেড়ে দ্বিতীয়ার্ধে গোল শোধ করলেন গোকুলামের হয়ে, আবার নিশু কুমারের ক্রস থেকে ক্রেসপোকে রুখতে গিয়ে হেড করে নিজের জলেও বল জড়ালেন। দুই ডিফেন্ডার দুদলের হয়ে উল্লেখযোগ্য ভূমিকা নিলেন। তবে এলসের দল জিতল, বৌবার দল হারল। গোকুলামকে হারিয়ে সেমিফাইনালে ওঠার পরে মঙ্গলবার ডুরান্ড ফাইনালে দল ওঠে কিনা সেদিকেই সাগ্রহে তাকিয়ে ১৬ বার ডুরান্ড বিজয়ী ইস্টবেঙ্গল দলের সমর্থকরা।
আরও পড়ুন :ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্টের (WWE) তারকা ব্রে ওয়াট প্রয়াত


More Stories
শুভমান গিল ২৭
আকে লোবা কি ইস্টবেঙ্গলের সর্বকালের সবচেয়ে দামি প্লেয়ার?
গ্র্যান্ড চেস ট্যুর ফাইনালে প্রজ্ঞানন্দ