স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩১ অগস্ট: বিশ্ব ফুটবলের দুই মহীরুহের নাম লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। গত দু’দশকে বল পায়ে বিশ্ব ফুটবলকে অনাবিল তৃপ্তি দিয়ে গিয়েছেন এই দুই মহারথী। কিন্তু বর্তমানে দুজনেই পেশাদারী ফুটবল জীবনের সায়াহ্নে। কথায় আছে শূন্যস্থান দীর্ঘদিন শূন্য থাকে না। ফলে শুরু হয়ে গিয়েছে মেসির উত্তরসূরি খোঁজার। কিলিয়ান এমবাপে, আর্লিং হাল্যান্ড-সহ একাধিক নাম উঠে এসেছে সেই তালিকায়। যদিও তালিকায় নাম উঠে আসলেই যে তাঁদের ছেড়ে যাওয়া বুটে পা গলানো যাবে, কাজটা এতটা সহজ নয়।

সেই তালিকায় উপরের দিকেই নাম ছিল স্প্যানিশ উইঙ্গার আনসু ফাতির। এটা ফুটবল মহলের ধারণা নয়। এমনকি যেই ক্লাবে মেসি দীর্ঘদিন খেলেছেন। সেই বার্সেলোনা কর্তৃপক্ষও মেসি ক্লাব ছাড়ার পর সম্মানীয় ১০ নম্বর জার্সিটি তুলে দিয়েছিলেন এই তরুণের হাতে। বার্সেলোনায় ১০ নম্বর জার্সি ঐতিহ্যের। এই জার্সি পরে অতীতে খেলেছেন জোয়ান ক্রুয়েফ, রোনালডিনহো, লিওনেল মেসির মত কিংবদন্তিরা। সেই ঐতিহ্য বহন করতে পারবেন লা মাসিয়া থেকে উঠে আসা সম্ভাবনাময় তরুণ, এমনটাই আশা ছিল বার্সা কর্তৃপক্ষের।
আরও পড়ুন সেমিফাইনালে মোহনবাগানের প্রতিপক্ষ প্রাক্তনীরা

যদিও সেই প্রত্যাশা পূরণে আপাতত সফল হননি ফাতি। বার্সেলোনা সিনিয়র দলের হয়ে এখনও পর্যন্ত ১১২ ম্যাচ খেলেছেন ফাতি। যেখানে ২৯ গোলের পাশাপাশি ১০টি অ্যাসিস্ট করেছেন তিনি। যদিও চলতি মরশুমে একেবারেই ছন্দে নেই এই ফুটবলার। জাভির দলের প্রথম একাদশে ক্রমশই নিজের জায়গা আলগা হচ্ছিল তাঁর। এমনকি জল্পনা শুরু হয়েছিল ক্লাব ছাড়ার। এবার সেই জল্পনায় পড়তে চলেছে সরকারি সিলমোহর। প্রিমিয়ার লিগের ক্লাব ব্রাইটনে যোগ দিতে চলেছেন ২০ বছরের এই ফুটবলার।

আরও পড়ুন ১৯ বছর পর ফের ডুরান্ড ফাইনালে কলকাতা ডার্বি!
এই তরুণ ফুটবলারটিকে দলে নেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে প্রিমিয়ার লিগের আর এক নামী ক্লাব টটেনহ্যাম। যদিও নিজের পরবর্তী গন্তব্য হিসেবে ব্রাইটনকে বেছে নিয়েছেন তিনি। এর পিছনে অবদান ব্রাইটন কোচ রবার্তো জেরবির। একবছরের লোনে প্রিমিয়ার লিগের ক্লাবে যাচ্ছেন তিনি। এই এক বছর ফুটবলারটির পারিশ্রমিক দিতে হবে ব্রাইটনকে। যদিও চুক্তির শেষে তাঁকে ফিরে যেতে হবে পুরনো ক্লাব বার্সেলোনায়। এখন নতুন ক্লাবে ছন্দ ফিরে পেয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন তিনি? নাকি আরও ফুটবলারদের মধ্য সম্ভাবনা নিয়েও হারিয়ে যাবেন? এর উত্তর দেবে ভবিষ্যত।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার