Home » বল পায়ে সাম্বা ম্যাজিক! পেরুকে ১৫ গোল ব্রাজিলের

বল পায়ে সাম্বা ম্যাজিক! পেরুকে ১৫ গোল ব্রাজিলের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ সেপ্টেম্বর: বল পায়ে সাম্বা ম্যাজিক। পেরুকে গোলের মালা পরাল ব্রাজিল। এক, দুইবার নয় পেরুর জালে মোট ১৫ বার বল জড়াল সেলেকাওরা। বুধবার দক্ষিণ আমেরিকা অনূর্ধ্ব-২০ ফুটসাল চ্যাম্পিয়নশিপে ব্রাজিল মুখোমুখি হয় পেরুর। বি গ্রুপের চতুর্থ রাউন্ডের খেলায় পেরুকে ১৫ টি গোল দিয়েছে ব্রাজিল। ‘সুদামেরিকানো সাব-২০’ প্রতিযোগিতার ইতিহাসে এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়। বিশাল ব্যবধানে জয় দিয়ে প্রতিযোগিতার শেষ চারে নিজেদের জায়গা নিশ্চিত করেছে সেলেকাওরা।

বুধবার ভারতীয় সময় ভোররাতে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের খেলায় মুখোমুখি হয় ব্রাজিল ও পেরু। ওই ম্যাচে জয় পেতে কালঘাম ছুটে যায় নেইমারদের। ম্যাচে আধিপত্য নিজেদের দখলে রাখলেন গোলের সন্ধান পেতে নেইমারদের অপেক্ষা করতে হয় ৯০ মিনিট পর্যন্ত। অবশেষে নেইমারের কর্নার থেকে মাথা ছুঁইয়ে দলকে জয় এনে দিয়েছিলেন মারকুইনহোস। ওই ম্যাচে কষ্টার্জিত জয় পেলেও এদিন অনায়াসে জয় পেয়েছে ব্রাজিল।

আরও পড়ুন     সত্যিই অস্তিত্ব রয়েছে জাদুদের! মেক্সিকো কংগ্রেসের ঘটনায় চাঞ্চল্য

যদিও ফুটবলের সঙ্গে ফুটসলের কিছু পার্থক্য রয়েছে। ফুটবল মাঠে দুদলের হয়ে ১১ জন করে খেলেন। সেখানে ফুটসল দলে থাকে ৫ জন করে ফুটবলার। ফুটবল মাঠে মোট ৫ জনকে পরিবর্তন করা যায়। ফুটসলে সর্বোচ্চ ৩ জনকে পরিবর্তন করা যায়। এছাড়াও ৪৫ মিনিটের দুই অর্ধে খেলা হয় ফুটবল। সেখানে ২০ মিনিটের দুই অর্ধে ফুটসল ম্যাচ হয়। অনেকে ফুটসলকে ফুটবলের মিনি সংস্করণ বলে থাকেন। প্রধানত ব্রাজিল ও উরুগুয়েতে এই খেলার উৎপত্তি হয়।

আউটডোরের পাশাপাশি ইনডোরের ছোট মাঠে এই খেলাগুলি হয়। ফুটবলের মত ফুটসলেও দক্ষিণ আমেরিকার দলগুলির প্রাধান্য দেখা যায়। এই খেলার দুই শক্তিধর দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। এই প্রতিযোগিতার আসরে মোট সাত বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। ব্রাজিলের জয়ের দিন বড় ব্যবধানে জয় পেয়েছে আর্জেনটিনা। ইকুয়েডরকে ৫-০ গোলে হারিয়েছে তাঁরা। ব্রাজিলের পর প্রতিযোগিতার সেমিফাইনালে খেলার ছাড়পত্র পেয়ে গিয়েছে আর্জেন্টিনাও।

About Post Author