Home » ইন্ডিয়ান সুপার লিগের আগে ধাক্কা মোহন শিবিরে, চোট পেয়ে পুরো মরশুম মাঠের বাইরে তারকা ফুটবলার

ইন্ডিয়ান সুপার লিগের আগে ধাক্কা মোহন শিবিরে, চোট পেয়ে পুরো মরশুম মাঠের বাইরে তারকা ফুটবলার

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৬ সেপ্টেম্বর: ইন্ডিয়ান সুপার লিগের এক সপ্তাহ আগে ধাক্কা মোহনবাগানের। চোটের কারণে পুরো মরশুমের জন্য দল থেকে ছিটকে গেলেন তারকা ফুটবলার। সামনেই ইন্ডিয়ান সুপার লিগ ও এএফসি কাপের ম্যাচ খেলতে নামছে জুয়ান ফেরান্দোর দল। তার আগে দলের গুরুত্বপূর্ণ সদস্যের চোট স্প্যানিশ কোচের কপালে চিন্তার ভাঁজ বাড়বে বলে মত ফুটবল মহলের।

চলতি মাসের ২১ তারিখ থেকে শুরু হচ্ছে ইন্ডিয়ান সুপার লিগ। তার আগে জোর ধাক্কা মোহনবাগান শিবিরে। চোটের কারণে গোটা মরশুমের জন্য অনিশ্চিত হয়ে গেলেন উইঙ্গার আশিক কুরুনিয়ান। থাইল্যান্ডে জাতীয় দলের হয়ে কিংস কাপে খেলেন আশিক। ইরাকের বিরুদ্ধে ম্যাচের মধ্যে লিগামেন্টে চোট পান এই ফুটবলার। প্রথমে অনুমান করা হয়েছিল চোটের জন্য আগামী কয়েক সপ্তাহ বা মাস বাইরে থাকতে হতে পারে তাঁকে।

আরও পড়ুন   রানিনগর পঞ্চায়েতে স্থায়ী সমিতি নির্বাচনের দিনক্ষণ জানতে চেয়ে রাজ্যের কাছে হলফনামা তলব হাইকোর্টের

তবে, সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষার পর দেখা যায় চোট আরও গুরুতর। ফলে মরশুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে তাঁকে। জানা গিয়েছে, তাঁর লিগামেন্টের ৪০ শতাংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। শুক্রবার রাতে ক্লাবের তরফ থেকে একটি বিবৃতি দেওয়া হয়। লেখা হয়, “আসন্ন মরশুমের জন্য আশিক কুরুনিয়ানকে চোটের কারণে পাওয়া যাবে না। ইরাক ম্যাচে হাঁটুতে চোট পেয়েছিলেন আশিক। ক্লাব আশিকের চিকিৎসার দায়িত্ব নিয়ে পাশে থাকবে।”

আশিকের চোট নিয়ে জাতীয় দলের চিকিৎসকদের উপর ক্ষোভ ব্যক্ত করেছে সবুজ মেরুন। তাঁদের অভিযোগ, এই জাতীয় দলে থাকার সময় এই চোটকে গুরুত্ব দেননি চিকিৎসকরা। সঠিকভাবে পরীক্ষা না করে আশিককে ছেড়ে দেওয়া হয়েছে। গত মরশুমে বেঙ্গালুরু এফসি থেকে এই উইঙ্গারকে দলে নেয় সবুজ মেরুন। দলের হয়ে আইএসএল ও চলতি বছরের ডুরান্ড জয়ে বড় ভূমিকা পালন করেন আশিক। জাতীয় দলের সদস্যের চোটে মোহন কোচের চিন্তা যে বাড়বে তা বলার অপেক্ষা রাখে না।

About Post Author