স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৯ সেপ্টেম্বর: ‘এইট হানড্রেডের’ প্রচারে শহরে এক মঞ্চে দুই কিংবদন্তী। পৃথিবীর সর্বকালের সেরা বোলারদের মধ্যে তিনি অন্যতম। আন্তর্জাতিক ক্রিকেটে নির্বাসন থেকে টেস্ট ক্রিকেটে ৮০০ উইকেট। তাঁর ক্রিকেট জীবনের সঙ্গে জড়িয়ে রয়েছে উত্থান পতনের নানা কাহিনী। যা আগামী প্রজন্মকে অনুপ্রেরণা দেবে। তিনি শ্রীলঙ্কার কিংবদন্তী ক্রিকেটার মুথাইয়া মুরলীধরন। আগামী ৬ অক্টোবর মুক্তি পাচ্ছে মুরলীর আত্মজীবনী ‘এইট হানড্রেড’। সেই ছবির প্রচার চলছে জোরকদমে। সেই ছবির প্রচারে কলকাতায় এসেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুরলীধরন।

আরও পড়ুন: হোয়াইট ওয়াশের স্বপ্ন অধরা, ভারতকে হারিয়ে একদিনের সিরিজে সম্মান রক্ষা অস্ট্রেলিয়ার
বৃহস্পতিবার মধ্য কলকাতার এক হোটেলে আয়োজিত হয় সেই ছবির প্রচার অনুষ্ঠান। শ্রীলঙ্কার কিংবদন্তির পাশাপাশি এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সৌরভ গঙ্গোপাধ্যায়কেও। আলাপ আলোচনায় নিজেদের ক্রিকেটবেলায় ফিরলেন দুই ক্রিকেটার। মুথাইয়া মুরলীধরনকে স্পিনের ‘যাদুকর’ বললেন তাঁর এক সময়ের প্রতিদ্বন্দ্বী সৌরভ গঙ্গোপাধ্যায়। বাংলার মহারাজেরও ভূয়সী প্রশংসা শোনা গিয়েছে মুরলীর গলায়। সৌরভ প্রসঙ্গে বলতে গিয়ে এদিন মুরলী বলেন, ” আমার দেখা সেরা অধিনায়ক হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। তাঁর সময় ভারতীয় দলে অনেক তরুণ ক্রিকেটার সুযোগ পেয়েছে। ভারতীয় ক্রিকেটে ওঁর অবদান অনস্বীকার্য।” দুই কিংবদন্তিকে হাতের কাছে পেয়ে আসন্ন বিশ্বকাপ নিয়েও প্রশ্ন করা হয়।

শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটারকে জিজ্ঞেস করা হয় বিশ্বকাপে সম্ভাব্য তিন বিজয়ীর নাম। দ্বিধা না করে মুরলী জানান, তিনটি দল হল অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও ভারত। বিশ্বকাপ প্রসঙ্গে কিংবদন্তি ক্রিকেটার জানিয়েছেন ” বিশ্বকাপের আয়োজক দেশ ভারত। যা ভারতীয় দলের পক্ষে অবশ্যই একটা বাড়তি পাওনা। বিশ্বকাপে শক্তিশালী দলগুলির মধ্যে অন্যতম ভারত। আমি আশাবাদী সেমিফাইনালে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো দলকে দেখতে পাব।” পাশাপাশি নিজের দেশকে নিয়েও আশাবাদী মুরলী। তিনি যোগ করেন, “শ্রীলঙ্কাও থাকতে পারে। অপেক্ষায় আছি বিশ্বকাপের।” অপরদিকে মুরলীকেও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন বাংলার মহারাজ। তিনি অনেকটা রসিকতার সুরে বলেন, “মুরলি আমি জানি তোমার অনেক ব্যবসা এবং প্রতিপত্তি। তবুও তোমাকে অনুরোধ করব। দয়া করে খেলাধুলোর অভ্যাসটা ছেড়ে দিও না।” সব মিলিয়ে অতীত দিনের দুই মহারথীর একটি অন্যরকম আড্ডার সাক্ষী থাকল কলকাতা।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব