স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অক্টোবর: এশিয়ান গেমস হকিতে পদক জয় থেকে এক কদম দূরে ভারত। বুধবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়াকে ৫-৩ গোলে হারিয়ে দিল ভারতের পুরুষ হকি দল। ভারতের হয়ে গোল করলেন মনদীপ সিংহ, হার্দিক সিংহ, অমিত রোহিদাস, ললিত উপাধ্যায় এবং অভিষেক। দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ভারত মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালের বিজয়ীর বিরুদ্ধে। সেই সেমিফাইনালে আয়োজক চিন মুখোমুখি হবে জাপানের।

এদিন ম্যাচের শুরু থেকে আধিপত্য দেখায় ভারত। দক্ষিণ কোরিয়ার বক্সে একের পর এক আক্রমণ করতে থাকে ইন্ডিয়ান টাইগাররা। প্রথম কোয়ার্টারের পাঁচ মিনিটেই গোল পেয়ে যায় ভারত। বল জালে জড়ান হার্দিক সিং। খেলার ১১ মিনিটে দ্বিতীয় গোল পায় ভারত। দক্ষিণ কোরিয়ার বক্সে গুরজন্তের পাস থেকে বল পেয়ে শট মারেন মনদীপ সিং। দক্ষিণ কোরিয়ার ডিফেন্ডারের গায়ে লেগে বল গোলে ঢুকে যায়। প্রথম কোয়ার্টারের শেষদিকে তৃতীয় গোল করে ভারত। বিবেকের পাস থেকে দুরন্ত শট নেন গুরজন্ত। সেই শট দক্ষিণ কোরিয়ার বক্সে বাঁধা পেলে ফিরতি বলে চলে আসে হরমনপ্রীত সিংয়ের স্টিকে। দক্ষিণ কোরিয়ার বক্সে ঢুকে ললিতকে পাস দেন ভারত অধিনায়ক। গোল করতে ভুল করেননি ললিত।

আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা আর্সেনালের, হার লেন্সের বিরুদ্ধে
ম্যাচের প্রথম কোয়ার্টার যদি হয় ভারতের, দ্বিতীয় কোয়ার্টার তাহলে দক্ষিণ কোরিয়ার। দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে একটি গোল শোধ করে দক্ষিণ কোরিয়া। পেনাল্টি কর্নার থেকে গোল পায় দক্ষিণ কোরিয়া। গোল করেন জুং মানজায়ে। ২০ মিনিটের মাথায় ফের ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। দুটি গোল হজম করে কিছুটা চাপে পড়ে গিয়েছিল ভারত। দক্ষিণ কোরিয়া ম্যাচে সমতা ফেরানো থেকে ঠিক একটি গোল দূরে ছিল। কিন্তু ফের গোল পেয়ে যায় ভারত। ভারতের হয়ে চতুর্থ গোল করেন অমিত রোহিদাস। পেনাল্টি কর্নার থেকে ৪-২ করেন অমিত।

তৃতীয় কোয়ার্টারে ফের ব্যবধান কমায় দক্ষিণ কোরিয়া। ৪২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ফের গোল করেন জুং। চতুর্থ কোয়ার্টারে খেলায় সমতা ফেরানোর জন্য মরিয়া হয়ে ওঠে কোরিয়া। কিন্তু ভারতের রক্ষণ জমাট থাকায় সুবিধে করতে পারেনি দক্ষিণ কোরিয়া। উল্টে ব্যবধান বাড়ায় ভারত। ৫৪ মিনিটে মনদীপের পাস থেকে গোল করেন অভিষেক।


More Stories
শক্তিশালী দল গড়ছে মোহনবাগান, রেকর্ড অর্থে এলেন ছাঙতে
আর্জেন্টিনা এখন টিএমসির মতো : দিলীপ ঘোষ
বিশ্বকাপের নতুন মারাদোনা কে?