Home » চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা আর্সেনালের, হার লেন্সের বিরুদ্ধে

চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা আর্সেনালের, হার লেন্সের বিরুদ্ধে

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৪ অক্টোবর: প্রিমিয়ার লিগে দুরন্ত ফর্মে থাকলেও, চ্যাম্পিয়ন্স লিগে ধাক্কা আর্সেনালের। ফ্রান্সের দল লেন্সের কাছে হারতে হল শক্তিশালী আর্সেনালকে। লেন্সের বিরুদ্ধে খেলার ফল ১-২। এটাই এই মরশুমের প্রথম হার মিকেল আর্তেতার দলের। আর্সেনালের হয়ে গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস।

লেন্সের হয়ে গোল দুটি করেছে আদ্রিয়ান থমসন ও এলি ওয়াহি। প্রতিপক্ষের ঘরের মাঠে প্রথমে এগিয়ে গিয়েছিল আর্সেনাল। গানারদের হয়ে খেলার ১৪ মিনিটে প্রথম গোলটি করেন গ্যাব্রিয়েল জেসুস। বুকায়ো সাকার পাস থেকে আর্সেনালকে এগিয়ে দিয়েছিলেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার। ঘরের মাঠে গোল হজম করে আর্সেনালের উপর পাল্টা চাপ তৈরী করে লেন্স। খেলার ২৫ মিনিটে ওয়াহির পাস থেকে ম্যাচে সমতা ফেরান আদ্রিয়ান থমসন। প্রথমার্ধে সাকাকে তুলে নেন আর্সেনাল কোচ। ফলে ম্যাচে অনেকটা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে আর্সেনাল। তাঁর পরিবর্তে নামানো ফ্যাবিও ভিয়েরাকে। তবে আর্সেনালের হয়ে এদিন কার্যকরী ভূমিকা নিতে পারেননি পর্তুগিজ মিডফিল্ডার। গোল খেয়ে খোলস ছাড়ার পরিবর্তে নিজেদের অনেকটা গুঁটিয়ে নিয়েছিল গানাররা। প্রথমার্ধের শেষে খেলার ফল ছিল ১-১।


আরও পড়ুন: দুরন্ত ফর্মে বেলিংহাম, চ্যাম্পিয়ন্স লিগে নাপোলির বিরুদ্ধে জয় রিয়েলের

দ্বিতীয়ার্ধের শুরুটা ছিল আর্সেনালের পক্ষে। তবে লেন্সের তিনকাঠির তলায় এই সময় দুর্ভেদ্য হয়ে ওঠেন গোলরক্ষক সাম্বা। প্রথমে ট্রসারের ও পরে টমিয়াসুর শট বাঁচান লেন্স গোলরক্ষক। ম্যাচের ৬৯ মিনিটের এগিয়ে যায় লেন্স। গোল করেন ২০ বছরের স্ট্রাইকার এলি ওয়াহি। খেলার শেষের দিকে গোলের সুযোগ তৈরী করলেও গোলশোধ করতে পারেনি আর্সেনাল। এই জয়ের ফলে ৪ পয়েন্ট পেয়ে আর্সেনালকে টপকে গ্রুপ বি-র শীর্ষে উঠে এল লেন্স।

চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে একটি ম্যাচে গোল ও অ্যাসিস্ট করা কনিষ্ঠতম ফরাসি ফুটবলার হলেন তিনি। আর্সেনালের বিরুদ্ধে যখন এই নজির গড়লেন ওয়াহি, তখন তাঁর বয়স ২০ বছর ২৭৪ দিন। তিনি টপকে গেলেন কিলিয়ান এমবাপ্পেকে।

About Post Author