স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৩ অক্টোবর: বিশ্বকাপের বাছাই পর্বে ফের জয় আর্জেন্টিনার। প্যারাগুয়েকে ১-০ গোলে হারাল বিশ্বচ্যাম্পিয়নরা। আর্জেন্টিনার হয়ে একমাত্র গোলটি এল নিকোলাস ওটামেন্ডির পা থেকে। অপরদিকে, বাছাই পর্বের আরও একটি খেলায় আটকে গেল ব্রাজিল। ঘরের মাঠে ভেনেজুয়েলার বিরুদ্ধে খেলা শেষ হল ১-১ গোলে। ব্রাজিলকে এগিয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল। যদিও ব্যবধান ধরে রাখতে পারেনি সেলেকাওরা।

অপ্রতিরোধ্য বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। বিশ্বকাপের বাছাই পর্বের তৃতীয় খেলায় জয় পেল লিওনেল স্কালনির দল। শুক্রবার বুয়েনস আইরসে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল প্যারাগুয়ে। এই ম্যাচে প্রথম একাদশে ছিলেন না আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। পরিবর্ত হিসেবে মাঠে নামলেও এদিন গোলের দেখা পাননি এলএমটেন। মেসি গোল না পেলেও জিততে সমস্যা হল না বিশ্বচ্যাম্পিয়নদের। খেলার শুরুতে গোল পেয়ে যায় আর্জেন্টিনা। রদ্রিগো দি পলের কর্নার থেকে বিশ্বমানের ভলিতে দলকে এগিয়ে দেন নিকোলাস ওটামেন্ডি। গোটা ম্যাচে আর গোল শোধ করতে পারেনি প্যারাগুয়ে। তবে গোলের বেশ কয়েকটি সুযোগ পেয়েছিল আর্জেন্টিনা তবে কাজে লাগাতে পারেনি। এই ম্যাচে জয়ের ফলে গত ১৩ টি ম্যাচে জয় পেল লা আলবিসেলেস্তারা। পাশাপাশি টানা ৬২২ মিনিট একটিও গোল হজম না করে নয়া রেকর্ড সৃষ্টি করলেন আর্জেন্টিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ।

আরও পড়ুন: মালয়েশিয়ার কাছে হেরে মারডেকা থেকে বিদায় সুনীলদের
আর্জেন্টিনা জিতলেও আটকে গেল ব্রাজিল। ঘরের মাঠ অ্যারেনা পান্তানালে ব্রাজিল মুখোমুখি হয় ভেনিজুয়েলার। ঘরের মাঠে শুরু থেকে দাপট নিয়ে খেলেন ব্রাজিলের ফুটবলাররা। তবে প্রথমার্ধে গোলের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে গোল পেয়ে যায় সেলেকাওরা। গোল করেন গ্যাব্রিয়েল। তাঁকে গোলের বলটি সাজিয়ে দিয়েছিলেন নেইমার। সেই গোল যদিও ধরে রাখতে পারেনি তাঁরা। খেলার ৮৫ মিনিটে সমতা ফেরায় ভেনেজুয়েলা। তাঁদের হয়ে সমতাসূচক গোলটি করেন এদুয়ার্ড বেলো। স্যভারিনোর পাস থেকে ব্রাজিলের জয়ের আশায় জল ঢেলে দেন তিনি।

আরও পড়ুন: ভারত-পাক ম্যাচে কড়া নিরাপত্তার বেড়াজাল
লাতিন আমেরিকার বাছাই পর্বের খেলায় ৩ ম্যাচে ৩ টি জিতে শীর্ষে রইল আর্জেন্টিনা। বৃহস্পতিবার মেসিরা খেলবেন পেরুর বিরুদ্ধে। ৩ ম্যাচে ২ টি জিতে দু’নম্বরে রইল ব্রাজিল। আগামী বৃহস্পতিবার ব্রাজিলের প্রতিপক্ষ উরুগুয়ে।


More Stories
অভিষেকে মানব যেন মহামানব, আফগানিস্তান বিপাকে
গিল -রাহুলের শতরান, বড় ইনিংস গড়ছে ভারত
টি-টোয়েন্টি-তে ভারতের নতুন অধিনায়ক শ্রেয়স, দলে বৈভব