Home » ইডেনে টিকিট নিয়ে হাহাকারের মধ্যে শহরে দক্ষিণ আফ্রিকা দল

ইডেনে টিকিট নিয়ে হাহাকারের মধ্যে শহরে দক্ষিণ আফ্রিকা দল

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ নভেম্বর: বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ। রবিবার কলকাতার ইডেন গার্ডেনে মুখোমুখি ভারত বনাম দক্ষিণ আফ্রিকা। আর সেই ম্যাচ খেলতে শহরে পৌঁছল দক্ষিণ আফ্রিকা দল।

এবারের বিশ্বকাপে একটি সেমিফাইনাল ম্যাচ-সহ মোট পাঁচটি ম্যাচের আয়োজনের দায়িত্ব পেয়েছে কলকাতার ইডেন গার্ডেন্স। ইতিমধ্যেই দুটি ম্যাচও খেলা হয়ে গিয়েছে ক্রিকেটের নন্দন কাননে। তবে বাংলার ক্রিকেট সমর্থকদের অপেক্ষা রবিবারের জন্য। কারণ বিশ্বকাপে প্রথমবার ইডেনে নামবে রোহিত ব্রিগেড।  প্রতিপক্ষ বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার দক্ষিণ আফ্রিকা। চলতি বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছে দুটি দল। তালিকার এক ও দুই নম্বরের লড়াই দেখার জন্য তাই মুখিয়ে রয়েছে রাজ্যবাসী। ম্যাচের টিকিট নিয়ে শুরু হয়েছে হাহাকার। একদিকে ম্যাচের টিকিট না পাওয়ায় ক্ষুব্ধ শহরের ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে বাংলার ক্রিকেট প্রশাসকদের একাংশ। অন্যদিকে ম্যাচের টিকিট নিয়ে চলছে কালোবাজারি। টিকিট বিক্রির ক্ষেত্রে স্বচ্ছতা নিয়েও উঠছে প্রশ্ন। টিকিটের কালোবাজারি রুখতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে কলকাতা পুলিশকে। বৃহস্পতিবারও কলকাতা ও শহরতলি থেকে এই অভিযোগে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন: শামির ৫ উইকেট, শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপে সাতে সাত ভারতের

এসবের মধ্যে শহরে পৌঁছল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। বৃহস্পতিবার রাতেই কলকাতা বিমানবন্দরে নামেন ডেভিড মিলাররা। সেখান থেকে টিম বাসে পৌঁছে যান পাঁচতারা হোটেলে। ভারতকে হারানোর লক্ষ্যে শুক্রবার থেকেই অনুশীলন শুরু করে দিলেন তাঁরা। চলতি বিশ্বকাপে ৭ ম্যাচের মধ্যে ৭ টি ম্যাচে জিতে ইতিমধ্যে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। মেন ইন ব্লু ব্রিগেডের পয়েন্ট ১৪। ইডেনে ভারতের সামনে লক্ষ্য বিশ্বকাপের পয়েন্ট টেবিলে  শীর্ষস্থান ধরে রাখার। অপর দিকে ৭ ম্যাচের মধ্যে ৬ টি জয় পেয়েছে প্রোটিয়া শিবির। রবিবার ভারতকে হারাতে পারলে পয়েন্ট টেবিলে  শীর্ষে পৌঁছনোর পাশাপাশি সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেলবেন তারা।

About Post Author