Home » শামির ৫ উইকেট, শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপে সাতে সাত ভারতের

শামির ৫ উইকেট, শ্রীলঙ্কাকে উড়িয়ে বিশ্বকাপে সাতে সাত ভারতের

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ নভেম্বর: চলতি বিশ্বকাপে ভারতীয় দল যেন অশ্বমেধের ঘোড়া। এক, দুই, তিন করে টানা সপ্তম ম্যাচে জয় পেলেন রোহিত শর্মারা। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে শ্রীলঙ্কাকে ৩০২ রানের বিশাল ব্যবধানে হারালেন তাঁরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ৩৫৭ রান তোলে ভারত। জবাবে ১৯.৪ ওভারে মাত্র ৫৫ রানে শেষ হয় শ্রীলঙ্কার ইনিংস। ভারতের হয়ে একাই ৫ উইকেট নিলেন মহম্মদ শামি।

ওয়াংখেড়েতে আরও একটা বিশ্বকাপের ম্যাচ। আবার মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা। ২০১১ সালে লঙ্কা বাহিনীকে এই মাঠেই হারিয়ে দ্বিতীয় বারের জন্য একদিনের ক্রিকেটে বিশ্বসেরা হয়েছিল ভারত। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে লড়াই করে জয় পেয়েছিল মহেন্দ্র সিং ধোনির ভারত। তবে সেই দলের সঙ্গে এখনকার শ্রীলঙ্কা দলের পার্থক্যটা জমিন আসমানের। সেই দলের দুই সদস্য এবারের দলেও রয়েছেন। একজন সেই দলের অধিনায়ক মাহেলা জয়বর্ধনে। অপরজন অ্যাঞ্জেলো ম্যাথু। প্রথম জন এবারের দলে রয়েছেন ব্যাটিং পরামর্শদাতা হিসেবে। দ্বিতীয় জনকে প্রতিযোগিতার মাঝপথে উড়িয়ে আনা হয়েছে। তবে দিনটি দুজনের জন্যই সুখকর হল না।

এশিয়া কাপ ফাইনালের চিত্রনাট্য দেখা গেল এদিনের ওয়াংখেড়েতে। সেদিন কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ১০ উইকেটে হারিয়েছিল ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ৫০ রানে গুটিয়ে গিয়েছিল লঙ্কা বাহিনীর ইনিংস। বৃহস্পতিবার তাঁদের ইনিংস শেষ হল ৫৫ রানে। শ্রীলঙ্কার ইনিংসকে প্রথমেই ধাক্কা দেন যশপ্রীত বুমরা। প্রথম বলে ফেরান নিশঙ্ককে। দ্বিতীয় ওভারে জোড়া উইকেট নেন মহম্মদ সিরাজ। চার বলের ব্যবধানে ফেরান করুণারত্নে ও সমরাবিক্রমাকে। চতুর্থ ওভারে কুশল মেন্ডিসকেও ফেরান সিরাজ। নবম ওভারে বল করতে এসে দুটি উইকেট নেন মহম্মদ শামি। পরপর দুই বলে ফেরান চরিথ আশালঙ্ক ও দুশান হেমন্থাকে। পাওয়ার প্লে-তেই প্রতিপক্ষের ৬ উইকেট নিয়ে নজির গড়ল ভারত। পাওয়ার প্লের পরও নিয়মিত উইকেট হারতে থাকে লঙ্কা বাহিনী। ওয়াংখেড়ের লালচে উইকেটে ভারতীয় পেসারদের বিষাক্ত বোলিংয়ের কোনও জবাব ছিল না লঙ্কা ব্যাটারদের কাছে। মাত্র তিনজন ব্যাটার দুই অঙ্কের রান স্পর্শ করলেন। ভারতের হয়ে সফলতম বোলার মহম্মদ শামি। বিশ্বকাপে ফের ৫ টি উইকেট নিলেন বাংলার পেসার। সিরাজ নিলেন ৩ টি উইকেট। ১ টি করে উইকেট নিয়েছেন বুমরা ও জাদেজা।

আরও  পড়ুন: নিউজিল্যান্ডকে দুরমুশ করে শেষ চারের পথে দক্ষিণ আফ্রিকা

টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিল শ্রীলঙ্কা। প্রথম ওভারে রোহিত শর্মার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। এরপর দলের হাল ধরেন শুভমন গিল ও বিরাট কোহলি। দ্বিতীয় উইকেটে ১৮৯ রানের জুটি গড়েন দুজনে। গিল ও কোহলির ব্যাটিংয়ের সামনে প্রায় দিশেহারা মনে হচ্ছিল লঙ্কার বোলারদের। ৯২ বলে ৯২ রান করলেন গিল। ১১ টি চার ও ২ টি ছয় মারলেন তিনি। অনায়াসে শতরান করতে পারতেন। শট বাছাইয়ে ছোট্ট একটা ভুলের মাশুল দিতে হল তাঁকে। শুধু গিল নন শতরানের দোরগোড়া থেকে ফিরলেন কোহলিও। তাঁর ব্যাট থেকে এল ৯৪ বলে ৮৮ রান। ১১ টি চারে নিজের ইনিংস সাজালেন কিং কোহলি। এক দিনের ক্রিকেটে ৪৯ তম শতরান হাতছাড়া হল কোহলির। ভারতের প্রথম তিন ব্যাটারকে ফেরালেন দিলশান মদুশঙ্ক। তবে ভারতীয় শিবিরক স্বস্তি দিয়েছে শ্রেয়স আইয়ারের ইনিংস। কারণ মিডল অর্ডারে রান পাচ্ছিলেন না নাইট রাইডার্স অধিনায়ক। সিংহবাহিনীর বিরুদ্ধে ৫৬ বলে ৮১ রানের অনবদ্য ইনিংস খেলেন আইয়ার। তাঁর ব্যাট থেকে এল ৩ টি ছয় ও ৬ টি ছয়। শ্রেয়সকেও ফেরান সেই মদুশঙ্ক। তবে ঘরের মাঠে রান পেলেন না সূর্য কুমার যাদব। মাত্র ১২ রানে ফেরেন তিনি। শেষের দিকে দলের ইনিংসকে টানলেন রবীন্দ্র জাদেজা। করলেন ২৪ বলে ৩৫ রান। মূলত দলগত প্রচেষ্টায় ৮ উইকেটে ৩৫৭ রান তোলে ভারত। শ্রীলঙ্কার হয়ে ৫ টি উইকেট নেন মদুশঙ্ক। তবে খরচ করেন ৮০ রান।

এই জয়ের ফলে ফের লিগ তালিকার একনম্বরে উঠে এল ভারত। অঙ্কের বিচারে টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সেমিফাইনালের টিকিটও নিশ্চিত করে ফেললেন রোহিতরা। আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেনে ভারত মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকার।

About Post Author