Home » World Cup 2023: উপেক্ষার জবাব উইকেটে দিচ্ছেন মহম্মদ শামি

World Cup 2023: উপেক্ষার জবাব উইকেটে দিচ্ছেন মহম্মদ শামি

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩ নভেম্বর: বিশ্বকাপে (World Cup 2023) দুরন্ত ছন্দে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। বৃহস্পতিবার ওয়াংখেড়েতে রেকর্ড ব্যবধানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত। ভারতের ৩৫৭ রানের জবাবে মাত্র ৫৫ রানে গুটিয়ে গিয়েছিল দ্বীপরাষ্ট্রের ইনিংস। লঙ্কা শিবিরের ইনিংসকে তছনছ করে দিয়েছিলেন ভারতের তিন পেসার যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও মহম্মদ শামি। তবে বাকি দুই সতীর্থকে ছাপিয়ে গিয়েছেন বাংলার পেসার। ৫ ওভার হাত ঘুরিয়ে ১৮ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন শামি। তাঁর একের পর এক ইনসুইং, আউট সুইংয়ের জবাব দিতে পারেনি লঙ্কার ব্যাটারেরা।

একনজরে দেখে নেওয়া যাক শ্রীলঙ্কার বিরুদ্ধে কি কি কীর্তি গড়েছেন বাংলার পেসার:

১. বিশ্বকাপের ইতিহাসে ভারতের সর্বোচ্চ উইকেটের  মালিক হলেন মহম্মদ শামি। এতদিন এই রেকর্ড ছিল দুই কিংবদন্তি জাহির খান ও জাভাগল শ্রীনাথের দখলে। বিশ্বকাপে দুজনেই নিয়েছিলেন ৪৪ টি উইকেট। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিলেন শামি। বাংলার পেসারের উইকেট সংখ্যা হল ৪৫টি।

২. ভারতের জার্সিতে একদিনের ক্রিকেটে এক ম্যাচে সব থেকে বেশিবার ৫ উইকেট নিলেন শামি। এই রেকর্ড ছিল হরভজন সিং, জাভাগল শ্রীনাথের দখলে। মোট ৩ টি ম্যাচে ৫ উইকেট নিয়েছিলেন দুজনে। এই বিশ্বকাপে তাঁদের রেকর্ড স্পর্শ করেছিলেন শামি। বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নেওয়ায় তাঁদের রেকর্ডকে পিছনে ফেলে একনম্বরে উঠে এলেন বাংলার পেসার।

৩. চলতি বিশ্বকাপে ইতিমধ্যে ১৪ টি উইকেট নিয়েছেন শামি। বিশ্বকাপে ১৪ ম্যাচ খেলে মোট ৪৫ টি উইকেটের মালিক হলেন তিনি। একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীদের তালিকায় অষ্টম স্থানে উঠে এলেন তিনি। ৭১টি উইকেট তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার পেসার গ্লেন ম্যাকগ্রা।

আরও পড়ুন: ইডেনে টিকিট নিয়ে হাহাকারের মধ্যে শহরে দক্ষিণ আফ্রিকা দল

৪. একদিনের ক্রিকেটে দ্বিতীয়বার টানা তিনটি ম্যাচে চার বা তার বেশি উইকেট নেওয়ার নজির গড়লেন মহম্মদ শামি। এর আগে ২০১৯ বিশ্বকাপেও এই রেকর্ড গড়েছিলেন শামি। শামি ছাড়া এই রেকর্ড রয়েছে ওয়াকার ইউনিসের। তবে বিশ্বকাপে এই নজির শুধু শামির নামে।

৫. একদিনের বিশ্বকাপে মোট তিনবার পাঁচ উইকেট নিয়েছেন মহম্মদ শামি। এই রেকর্ড রয়েছে অস্ট্রেলিয়ার পেসার মিচেল স্টার্কের দখলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৫ উইকেট নিয়ে তিনি ছুঁয়ে ফেললেন স্টার্ককে। আরও একবার ৫ উইকেট নিতে পারলেই সবাইকে পিছনে ফেলবেন মহম্মদ শামি।

যদিও বিশ্বকাপের প্রথম চারটি ম্যাচে সুযোগ পাননি শামি। তাঁর জায়গায় প্রথম একাদশে সুযোগ পান শার্দুল ঠাকুর। যদিও খুব বেশি সুবিধে করতে পারেননি। তখন ভারতীয় ক্রিকেট সমর্থক থেকে প্রাক্তনরা বারবার শামির পক্ষে সওয়াল করেন। সেই সওয়াল যে যুক্তিযুক্ত ছিল সুযোগ পেয়ে প্রমাণ করেছেন শামি।

About Post Author