Home » পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান 

পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান 

সময় কলকাতা ডেস্ক, ৬ নভেম্বর: পুর নিয়োগ দুর্নীতির তদন্ত যত এগোচ্ছে, ততই যেন ঘনীভূত হচ্ছে রহস্য। পুর নিয়োগ দুর্নীতির তদন্তে রাজ্যজুড়ে চিরুনি তল্লাশি চালাচ্ছে ইডি-সিবিআই। প্রতিদিনই দিকে দিকে অভিযান শুরু করেছে তারা। পুর নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ইডি দফতরে হাজিরা দিলেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। একইসঙ্গে হাজিরা দিয়েছেন বরানগর পুরসভার চেয়ারপার্সন অর্পণা মল্লিকও।

জানা গিয়েছে, দু’জনকেই আলাদা ভাবে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এর আগেও একাধিকবার গোপাল সাহাকে পুরনিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থে সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। এমনকী গোপাল সাহার বাড়িতেও দীর্ঘ ১৩ ঘণ্টা ধরে তল্লাশি চালিয়েছিল ইডি। অর্পণা মল্লিকও আগে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন। ওই দুই পুরসভায় নিয়োগ হয়েছিল, কত ভ্যাকান্সি ছিল, কত জনকে নিয়োগ করা হয়েছে, সে সব বিষয়গুলি খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রেশন দুর্নীতি মামলায় আজই আদালতে পেশ করা হবে জ্যোতিপ্রিয় মল্লিককে

প্রসঙ্গত, ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বেআইনি ভাবে পুরসভায় নিয়োগ সংক্রান্ত মামলার তদন্ত করছে ইডি। নতুন করে ইডি-র স্ক্যানারে রয়েছে ১০ টি পৌরসভা। তার মধ্যে নাম রয়েছে বরানগর ও কামারহাটি পুরসভার নামও রয়েছে। এই পুরসভাগুলিতে জ্যোতিপ্রিয় মল্লিকের ভাল প্রভাব ছিল বলেই মনে করছেন তদন্তকারীরা। উল্লেখ্য, কিছুদিন আগেই পুর নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন কামারহাটি পুরসভার চিফ ইঞ্জিনিয়ার তমাল দত্ত। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় তিনি হাজিরা দিয়েছিলেন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। বেশ কিছু নথি নিয়ে ফের আসেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে।কামারহাটি পুরসভায় নিয়োগ দুর্নীতি নিয়ে অভিযোগ করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তারপর থেকেই রাজ্যের একাধিক পুরসভায় হানা দিচ্ছে ইডি। এর আগে পুর নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের ১২টি পুরসভাকে নোটিস পাঠিয়েছিল ইডি। রাজ্যের ওই ১২টি পুরসভার কাছেই ২০১৪ সাল থেকে কবে, কোথায়, কাকে নিয়োগ করা হয়েছে, সেই সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জানতে চাওয়া হয়েছিল। এদিকে, পুর নিয়োগ দুর্নীতি মামলায় গত মঙ্গলবারও ইডি দফতরে হাজিরা দিয়েছেন আইএএস অফিসার জ্যোতিষ্মান চট্টোপাধ্যায়। ওইদিন সিজিও কমপ্লেক্সে আইএএস কর্তা পৌঁছনোর কিছুক্ষণ পরেই সেখানে পৌঁছন দক্ষিণ দমদমের প্রাক্তন চেয়ারম্যান পাচু রায়ও। দু’জনকেই পুরসভায় নিয়োগ দুর্নীতির অভিযোগের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলেই ইডি সূত্রে খবর।

About Post Author