Home » হতশ্রী ফুটবল, নিউক্যাসেলের বিরুদ্ধে ৪ গোল হজম চেলসির

হতশ্রী ফুটবল, নিউক্যাসেলের বিরুদ্ধে ৪ গোল হজম চেলসির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ নভেম্বর: ইংলিশ প্রিমিয়ার লিগে ফের হার চেলসির। একটি ম্যাচ জয় বা ড্র হলে, পরের ম্যাচে হারতে হবে। এটাই যেন ভবিতব্য হয়ে গিয়েছে লন্ডনের ক্লাবের। গত ম্যাচে লিগ শীর্ষে থাকা ম্যাঞ্চেস্টার সিটির বিরুদ্ধে দুরন্ত খেলে ১ পয়েন্ট আদায় করেছিল মরিও পচেত্তিনির ছেলেরা। তবে পরের ম্যাচে ধাক্কা খেল চেলসি। নিউক্যাসেলের বিরুদ্ধে হজম করল ৪ গোল। খেলার তাদের বিপক্ষে ফল ১-৪। 

আরও পড়ুন    পিপিই কিট কেনার নামে টাকা নয়ছয়ের অভিযোগ, স্বাস্থ্য দুর্নীতি নিয়ে ইডিকে চিঠি শুভেন্দুর

১৯৯৪ সালের সেপ্টেম্বর মাসে শেষবার লন্ডন জায়ান্টদের জালে চারবার বল জড়িয়েছিল নিউক্যাসেল। বর্তমানে দুই দলে খেলা একাধিক ফুটবলার সেই সময় পৃথিবীর আলো দেখেননি। তবে শনিবার সেই লজ্জার মুখে ফের পড়তে হল চেলসিকে। তবে সেই চেলসির সঙ্গে গত একদশকের চেলসির বিশাল ফারাক। প্রতিবছর বহু কোটি টাকা দিয়ে দল তৈরি করে লন্ডন জায়ান্টরা। মাঝে ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলাকালীন ক্লাবে মালিকানা বদল হয়েছে। তবে টাকার জোগান কমেনি। তার প্রভাব মাঠে পড়ছে না। শনিবারও সেন্ট জেমস পার্কে চেলসিকে হারতে হল। নিউক্যাসেল ইউনাইটেডের বিরুদ্ধে হজম করতে হল ৪ গোল। খেলার ১৩ মিনিটে সাদা কালো বাহিনীকে এগিয়ে দেন আলেক্সান্ডার ইসাক। তবে গোলের উচ্ছ্বাস তাদের দীর্ঘস্থায়ী হয়নি। ২৩ মিনিটের মাথায় সমতা ফেরায় চেলসি। ফ্রিকিক থেকে অনবদ্য গোল করেন রহিম স্টার্লিং। প্রথমার্ধে দুই দল একাধিক সুযোগ পেলেও কাজে লাগাতে পারেনি।

ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে তেড়েফুঁড়ে আক্রমণ শুরু করে নিউক্যাসেল। ৬০ মিনিটে ফের এগিয়ে যায় এডি হাউয়ির ছেলেরা। হেড করে বল জালে জড়ান তাদের অধিনায়ক জামাল লাসেয়েস। দ্বিতীয় গোলের ধাক্কা সামলে ওঠার আগে ফের গোল হজম করে চেলসি। ব্যাক পাস করতে গিয়ে মারাত্মক ভুল করে বসেন অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা। সেই ভুলের সুযোগ নিয়ে নিউক্যাসেলের ব্যবধান ৩-১ করেন জোয়েলিংটন। তারপরেও লড়াই করছিল চেলসি। কিন্তু ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন চেলসি রাইট ব্যাক রিসি জেমস। একইসঙ্গে চেলসির খেলায় ফেরার সম্ভাবনাও ক্ষীণ হয়ে যায়। বরং দশজনের চেলসিকে পেয়ে ব্যবধান ৪-১ করে নেয় নিউক্যাসেল। ৮৩ মিনিটে তাদের হয়ে চতুর্থ গোলটি করেন অ্যান্টনি গর্ডন। প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচের মধ্যে পঞ্চম হারে পয়েন্ট তালিকায় দশেই আটকে থাকল মরিসিও পচেত্তিনোর দল। বিপরীতে সপ্তম জয় তুলে নিয়ে পয়েন্ট তালিকার ছয় নম্বরে উঠে গিয়েছে নিউক্যাসল ইউনাইটেড।

About Post Author