স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৭ ডিসেম্বর: হার দিয়ে ইংল্যান্ডের (England Women Cricket Team) বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরু করল ভারত (India Women Cricket Team)। তিন ম্যাচের সিরিজের প্রথম ম্যাচে ৩৮ রানে হারল ভারতের মেয়েরা। বুধবার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে ইংল্যান্ড। জবাবে ৬ উইকেটে ১৫৯ রানে থামেন হরমনপ্রীতরা (Harmanpreet Kaur)।

জাতীয় দলের জার্সিতে ভারতের হয়ে অভিষেক হয় বাংলার সাইকা ইসাকের। তবে সিনিয়র দলের হয়ে অভিষেকটা সুখকর হল না বাংলার বাঁ-হাতি স্পিনারের। শুধু সাইকা নয় এদিন বড়দের জাতীয় দলে অভিষেক হয় শ্রেয়াঙ্কা পাটিলের। টসে জিতে ইংল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠান ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর। রান তাড়া করে নিজেদের পরীক্ষা করে নিতে চাইছিলেন হরমনপ্রীত। ভারত অধিনায়কের এই সিদ্ধান্তটি বুমেরাং হয়। প্রথম ওভারে রেণুকা সিংয়ের সৌজন্যে দুরন্ত শুরু করে ভারত। ওই ওভারে দুটি উইকেট হারায় ইংল্যান্ড। এরপর ম্যাচে ফেরে ইংল্য়ান্ড। বড় জুটি গড়েন অভিজ্ঞ ন্য়াট সিবার ও ড্যানি ওয়েট। ড্যানি ওয়েট ৪৭ বলে ৭৫ রান করেন। ৮ টি চার ও ২ টি ছয় মারেন। ন্য়াট সিবারের ব্যাট থেকে আসে ৫৩ বলে ৭৭ রান। ১৩ টি চার মারেন তিনি। শেষের দিকে অ্যামি জোনস ৯ বলে ২৩ রান করেন। ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৭ রান তোলে ইংল্যান্ড। ভারতের হয়ে ৩ টি উইকেট নেন রেণুকা সিং। ২ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল। ১ উইকেট নেন বাংলার সাইকা।

বড় রান তাড়া করতে নেমে শুরুতে স্মৃতি মান্ধানা (৬) ও জেমাইমা রডরিগজের (৪) উইকেট হারায় ভারতীয় দল। এরপর দলের হাল ধরেন শেফালি বর্মা ও হরমনপ্রীত কউর। দুজনে দ্রুত গতিতে রান তুলতে থাকেন। একাদশ ওভারে আউট হন ভারত অধিনায়ক। ২১ বলে ২৬ রান করে ফেরেন তিনি। এরপর শেফালি বর্মা ও রিচা ঘোষ দলের হাল ধরেন। ক্রমে ভারতের প্রয়োজনীয় রানরেট বাড়তে থাকে। পঞ্চদশ ওভারে রিচা ফিরতে ম্যাচের রাশ চলে যায় ইংরেজদের দখলে। শেফালি বর্মা ব্যক্তিগত অর্ধশতরান করলেও দলকে জেতাতে পারেননি। ৬ উইকেটে ১৫৯ রানে থামতে হয় ভারতকে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার