Home » AFC CUP: মাজিয়ার বিরুদ্ধে হার দিয়ে এএফসি কাপে অভিযান শেষ করল মোহনবাগান

AFC CUP: মাজিয়ার বিরুদ্ধে হার দিয়ে এএফসি কাপে অভিযান শেষ করল মোহনবাগান

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ ডিসেম্বর:  হার দিয়ে চলতি মরশুমে এএফসি কাপে অভিযান শেষ করল মোহনবাগান। সোমবার  গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাজিয়ার বিরুদ্ধে ০-১ গোলে হার সবুজ মেরুনের। ওড়িশার বিরুদ্ধে হেরে প্রতিযোগিতা থেকে আগেই ছিটকে গিয়েছিল জুয়ান ফেরান্দোর দল। সেই কারণে মালদ্বীপে দ্বিতীয় সারির দল পাঠিয়েছিল তারা। দলের সঙ্গে যাননি একজনও বিদেশী। তবুও লড়াই করে হার মানতে হল মোহনবাগান দলকে।

দলের একাধিক তারকা ফুটবলারের চোট থাকায় মূলত তরুণ ফুটবলারদের নামানো হয়েছিল মাজিয়ার বিরুদ্ধে। ঘরের মাঠে বাগানের তরুণ ফুটবলারদের উপর চাপ বাড়াতে শুরু করে মাজিয়া। প্রথম ২০ মিনিটে মাজিয়ার গোল লক্ষ্য করে একটিও শট নিতে পারেনি সুহেল ভাটরা। উল্টোদিকে বাগানের গোলে সাতটি শট নেয় মাজিয়া। যদিও গোল করতে পারেনি তারা। এই সময় রক্ষণের উপর জোর দেয় বাগান শিবির। তবে বেশিক্ষণ দুর্গ অক্ষত থাকেনি সবুজ মেরুণের। প্রথমার্ধে ৩৯ মিনিটে গোল করে এগিয়ে যায় মাজিয়া। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে গোল করেন হাসান আহমেদ। ০-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাগান।

আরও পড়ুন: VIJAY HAZARE TROPHY: হরিয়ানার বিরুদ্ধে হার, বিজয় হাজারে ট্রফির কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় বাংলার

দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাথে মাজিয়া। বার বার বাগানের গোলের কাছে পৌঁছে যাচ্ছিলেন তাদের ফুটবলারেরা। ৫৭ মিনিটের মাথায় ব্যবধান দ্বিগুণ করার সুযোগও পায় মাজিয়া। তবে সুমিত রাঠির তৎপরতায় বিপদ এড়ায় বাগান। ৬৬ মিনিটে দিনের সহজতম সুযোগ নষ্ট করেন মাজিয়ার বালাবানোভিচ। দ্বিতীয়ার্ধের শেষ দিকে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালাতে থাকে বাগানের তরুণ ব্রিগেড। তবে গোল করতে পারেননি হামতে, সুহেলরা। এই ম্যাচে মোহনবাগানের রিজার্ভ বেঞ্চে ছিলেন মাত্র দু’জন ফুটবলার। তাঁদেরও দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নামিয়ে দেন সহকারী কোচ ক্লিফোর্ড মিরান্ডা। তাতেও কাজ হয়নি। শেষ পর্যন্ত ০-১ গোলে ম্যাচ হেরে মাঠ ছাড়তে হয় মোহনবাগানকে।

মাজিয়ার বিরুদ্ধে হারের ফলে গ্রুপে তৃতীয় স্থানে থেকে এএফসি কাপের অভিযান শেষ করল মোহনবাগান। ৬টি ম্যাচের মধ্যে মাত্র ২টি জয় পেয়েছে সবুজ মেরুন শিবির। তাদের পয়েন্ট ৭। শেষ ম্যাচ জিতলেও গ্রুপে শেষেই থাকল মাজিয়া। তবে প্রথমবার মোহনবাগানের বিরুদ্ধে জয় পেল তারা।

About Post Author