স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১২ ডিসেম্বর: ত্রিপুরা পর্যটনের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হওয়ার পর ২ দিনের আগরতলা সফরে গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। ত্রিপুরার প্রাকৃতিক সৌন্দর্যের প্রশংসা করেন তিনি। পাশাপাশি ক্রিকেটের উন্নয়নে ত্রিপুরার পাশে অঙ্গীকার করেছেন বাংলার মহারাজ। সেই সঙ্গে সেরাজ্যে বিশ্বমানের ক্রিকেট স্টে়ডিয়াম তৈরির করারও আর্জি জানিয়েছেন প্রাক্তন ভারত অধিনায়ক।

আরও পড়ুন: ত্রিপুরা সহ উত্তর-পূর্ব ভারতের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে আশাবাদী সৌরভ
সোমবার আগরতলার আলো–উদ্ভাসিত উজ্জয়ন্ত রাজপ্রাসাদে আয়োজিত একটি অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে সংবর্ধনা জানানো হয় ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ককে। সৌরভ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে রাজ্যের পর্যটন দফতরের মন্ত্রী সুশান্ত চৌধুরী, দফতরের অধিকর্তা-সহ অন্যান্যরা। অনুষ্ঠানে যোগ দিয়ে ত্রিপুরায় ক্রিকেটের উন্নয়নের ঢালাও প্রশংসা করেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রাক্তন সভাপতি। পাশাপাশি, ত্রিপুরা চাইলে ভবিষ্যতে পর্যটনের পাশাপাশি ক্রিকেটের উন্নতিতেও বড় ভূমিকা নিতে চান তিনি। ত্রিপুরা নিয়ে বলতে গিয়ে স্মৃতির সরণীতে হাঁটলেন তিনি। তিনি বলেন “৩৫ বছর আগে ১৯৮৮ সালে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট খেলতে এই সুন্দর রাজ্যে প্রথম এসেছিলাম।” ত্রিপুরা-সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে ক্রিকেটের বিকাশের বিশাল সম্ভাবনা রয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

পাশাপাশি সৌরভ আগামীদিনে ভারতের ম্যাচ আয়োজন করার জন্য একটি আন্তর্জাতিক মানের ক্রিকেট স্টেডিয়ামের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন। তিনি বলেছেন, “একটা রাজ্য যেরকম এত সুন্দর প্রাসাদ, রাস্তা, হোটেল দরকার তেমনি খেলাধুলোও দরকার। এখানকার বহু অ্যাথলিট এখন দেশের হয়ে প্রতিনিধিত্ব করছেন। যাদের একটা স্পেশাল ট্যালেন্ট আছে। এখানকার ছেলে মেয়েদের শারীরিক শক্তি ও দক্ষতা প্রাকৃতিক কারণেই বেশি। তারা খুব দ্রুতগামী এবং শারিরীকভাবে নমনীয় হন। পাহাড়ী এলাকায় বসবাসের জন্য এটা তাদের সহজাত একটা প্রতিভা। আমার দীর্ঘদিনের ক্রিকেট মাঠের অভিজ্ঞতা যদি ত্রিপুরার ক্রিকেটের উন্নয়নে কাজে লাগে তাহলে আমি প্রস্তুত।” মঙ্গলবার ত্রিপুরার পর্যটন বিষয়ক একটি বিজ্ঞাপণের শ্যুট করতে আগরতলা গিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক