Home » মেসির সতীর্থের জোড়া গোল, প্রথমবারের জন্য ক্লাব বিশ্বকাপ জয় ম্যানচেস্টার সিটির

মেসির সতীর্থের জোড়া গোল, প্রথমবারের জন্য ক্লাব বিশ্বকাপ জয় ম্যানচেস্টার সিটির

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৩ ডিসেম্বর: ক্লাব ফুটবলে অপ্রতিরোধ্য ম্যানচেস্টার সিটি (Manchester City)। গত মরসুমে ত্রিমুকুট জিতেছিল পেপ গুয়ার্দিওলার দল। এবার প্রথমবারের জন্য ক্লাব বিশ্বকাপ জিতল তারা। ফাইনালে হারিয়ে দিল ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্সকে। খেলার ফল সিটিজেনদের পক্ষে ৪-০। ইংল্যান্ডের ক্লাবের হয়ে জোড়া গোল করে নায়ক মেসির জাতীয় দলের সতীর্থ জুলিয়ান আলভারেজ। 

২০২৩ সালে নিজেদের পঞ্চম ট্রফি জয় নিশ্চিত করল ম্যানচেস্টার সিটি। সৌদি আরবে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপের ফাইনালে ব্রাজিলের ফ্লুমিনেন্সের মুখোমুখি হয় পেপ গুয়ার্দিওলার ছেলেরা। যেই ক্লাবের জার্সির রঙের সঙ্গে মিল রয়েছে কলকাতা ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব মোহনবাগানের। গুরুত্বপূর্ণ এই ম্যাচে দলের দুই সেরা তারকা আর্লিং হাল্যান্ড ও কেভিন ডি ব্রুইনাকে পায়নি সিটি। তবু ম্যাচের শুরু থেকে দাপট দেখায় আকাশী জার্সিধারীরা। বলের দখল থেকে শুরু করে গোল লক্ষ্য করে শট সব ক্ষেত্রেই বিপক্ষের থেকে এগিয়ে ছিল তারা।

খেলা শুরু হওয়ার প্রথম মিনিটেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। মাত্র ৪০ সেকেন্ডের মাথায় গোল করেন আর্জেন্টিনার জাতীয় দলের ফুটবলার জুলিয়ান আলভারেজ। প্রতিযোগিতার ইতিহাসে দ্রুততম গোল করে নজির গড়েন তিনি। নাথান আকের শট ফ্লুমিনেন্সের গোলরক্ষকের হাতে লেগে প্রতিহত হয়। ফিরতি বলে গোল করেন আলভারেজ। ২৭ মিনিটে সেই ব্যবধান দ্বিগুণ করে ম্যানচেস্টারের ক্লাবটি। যদিও এই গোলটি হয় আত্মঘাতী। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যান পেপ বাহিনী।

আরও পড়ুন: ওড়িশার বিরুদ্ধে দুরন্ত ফুটবল খেলেও ড্র ইস্টবেঙ্গলের, খলনায়ক সেই রেফারি

দ্বিতীয়ার্ধেও নিজেদের দাপট বজায় রাখে সিটিজেনরা। আক্রমণাত্মক ফুটবল খেলে বিপক্ষের ফুটবলারদের উপর চাপ বাড়াতে থাকে তারা। ফল মেলে ৭২ মিনিটের মাথায়। গোল করে খেলার ব্যবধান ৩-০ করেন ফিল ফডেন। এক্ষেত্রে ফডেনকে গোলের বল সাজিয়ে দিয়েছিলেন আলভারেজ। ব্রাজিলের ক্লাবটির পক্ষে আর খেলায় ফেরা সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধের নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে আরও একটি গোল পায় ম্যানচেস্টার সিটি। নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোলটি করেন জুলিয়ান আলভারেজ। গোটা ম্যাচে যিনি হা অনুপস্থিতি টের পেতে দেননি। দ্বিতীয়ার্ধে গুরুতর চোট পান সিটির মিডফিল্ডার রড্রি। তবে ব্রাজিলের ক্লাবটি একটি গোলের ব্যবধানও কমাতে পারেনি। ফলে খেতাব নিশ্চিত করে মাঠ ছাড়ে ম্যানচেস্টার সিটি।

এর আগে ইংল্যান্ডের মোট তিনটি ক্লাব এই খেতাব জিতেছিল। তারা হল ম্যানচেস্টার ইউনাইটেড, লিভারপুল ও চেলসি। চতুর্থ দল হিসেবে ক্লাব বিশ্বকাপের খেতাব জিতল ম্যানচেস্টার সিটি। তবে নিজের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে চতুর্থ বারের জন্য এই খেতাব জিতেছেন পেপ গুয়ার্দিওলা। ছাপিয়ে গেলেন রিয়াল মাদ্রিদের ইতালিয়ান কোচ কার্লো আনসেলোত্তিকে।

About Post Author