Home » CRISTIANO RONALDO AND NEYMAR JR.: বিশ্ব ফুটবলের দুই চর্চিত মহাতারকার জন্মদিন

CRISTIANO RONALDO AND NEYMAR JR.: বিশ্ব ফুটবলের দুই চর্চিত মহাতারকার জন্মদিন

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৬ ফেব্রুয়ারি: গত দুই দশকে বিশ্ব ফুটবলের দুই আলোচিত চরিত্র তারা। একজন পর্তুগালের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। অপরজন ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র। ৬ ফেব্রুয়ারী অর্থাৎ মঙ্গলবার বিশ্বের দুই তারকা ফুটবলারের জন্মদিন।

এদিন রোনাল্ডো পা দিলেন ৩৯ বছরে। ১৯৮৫ সালের এই দিনে পর্তুগালের মাদেইরা দ্বীপের ফুনচালে জন্ম গ্রহণ করেছিলেন তিনি। ছোটো থেকেই ফুটবলার হওয়ার স্বপ্ন ছিল। তবে তিনি যে একদিন ফুটবল বিশ্বকে শাসন করবেন তা কল্পনাও করতে পারেননি সিআরসেভেন। পর্তুগালের ক্লাব স্পোর্টিং লিসবনের হয়ে পেশাদারী ফুটবলে হাতেখড়ি হয়। তার পর তিনি নজরে পড়েন সেই সময় ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ স্যার অ্যালেক্স ফার্গুসনের। ফার্গুসনই তাঁকে নিয়ে যান ইংল্যান্ডের ফুটবল লিগে। রেড ডেভিলদের হয়ে বিশ্বের অন্যতম জনপ্রিয় লিগে অভিষেক হয় রোনাল্ডোর। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। তবে তাঁর স্বপ্নের সময় গিয়েছে স্পেনের রিয়াল মাদ্রিদে। এই ক্লাবের হয়ে ক্লাব ও ব্যক্তিগত স্তরে প্রায় সব খেতাব জিতেছেন। এছাড়াও খেলেছেন ইতালির ক্লাব জুভেন্টাসে। যে ক্লাবে তিনি গিয়েছেন সাফল্য যেন তাকে অনুসরণ করেছে। ক্লাবের পাশাপাশি দেশের জার্সিতেও সমানভাবে ভাস্বর ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। দেশের হয়ে জিতেছেন ইউরো কাপ। তাঁর কঠোর পরিশ্রম, একাগ্রতা, জেদ তাঁকে সাফল্যের চূড়ায় নিয়ে গিয়েছে।

আরও পড়ুন: OPTICAL ILLUSION: জিনিয়াসরা শুধু পেরেছেন নীচের দেওয়া ছবি দুটির মধ্যে ১০ সেকেন্ডের মধ্যে ৩ টি পার্থক্য খুঁজে বের করতে, আপনি পারবেন?

অন্যদিকে নেইমার পা দিলেন ৩২ বছরে। ১৯৯২ সালে ব্রাজিলের সাউ পাউলোতে জন্মগ্রহণ করেন তিনি। সান্তোসের হয়ে খেলার সময়ে প্রথম ফুটবল বিশ্বের নজরে আসেন। সেখান থেকে তাঁকে দলে নেয় বার্সেলোনা। যেখানে মেসি-সুয়ারেজের সঙ্গে তার জুটি কাতালান ক্লাবকে দিয়েছে একাধিক খেতাব জয়ের স্বাদ। দলবদলের বাজারে সব রেকর্ড ভেঙে তাকে দলে নিয়েছিল পিএসজি। তবে নেইমার ও সাফল্যের মধ্যে প্রধান অন্তরায় হয়ে দাঁড়ায় চোট। যদিও যখনই মাঠে ফিরেছেন তার ফুটবল শিল্পে মুগ্ধ হয়েছে ফুটবল অনুরাগীরা। বিশ্ব ফুটবলের এহেন দুই দিকপালের জন্মদিন আজ। সমাজ মাধ্যমে প্রিয় দুই তারকাকে শুভেচ্ছায় ভরিয়ে দিচ্ছেন তাদের অনুরাগীরা।

About Post Author