স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২১ ফেব্রুয়ারি: দ্বিতীয়বার পিতৃত্বের স্বাদ পেলেন বিরাট কোহলি (VIRAT KOHLI)। লণ্ডনে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন বিরাটের স্ত্রী তথা বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা (ANUSHKA SHARMA)। সমাজ মাধ্যমে পোস্ট করে এই খবরে সিলমোহর দিয়েছেন বিরুষ্কা (VIRUSHKA)। কোহলি পরিবারের নতুন সদস্য আসায় খুশির আমেজ কোহলি ভক্তদের মধ্যে। তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন খেলাধুলো ও বিনোদন জগতের তারকারা।

কোহলি পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। কয়েকদিন আগে খবরটি ফাঁস করেছিলেন বিরাট কোহলির পরম বন্ধু এবিডি ভিলিয়ার্স। যদিও এবিষয়ে তখন মুখ খোলেননি তারকা দম্পতি। মঙ্গলবার দীর্ঘ পোস্টের মাধ্যমে সব জল্পনার অবসান ঘটালেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক।

সমাজ মাধ্যমে দীর্ঘ পোস্ট করে বিরাট জানান, “ আমরা অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি যে গত ১৫ ফেব্রুয়ারি আমাদের পুত্র সন্তান এবং ভামিকার ভাই অকায় জন্ম নিয়েছে। আমাদের জীবনের এই সুন্দর সময়ের জন্য আমরা আপনাদের ভালোবাসা আর আশীর্বাদ প্রার্থনা করছি। আশা করি, আমাদের ব্যক্তিগত জীবনের গোপনীয়তাকে আপনারা সম্মান জানাবেন।”

বিরাটের করা সামাজিক মাধ্যমে এই পোস্ট ঝড়ের গতিতে ভাইরাল হয়ে যায়। ক্রিকেটের একজন তথ্য গবেষক সামাজিক মাধ্যমে জানিয়েছেন, বিরাট কোহলির এই পোস্টটি এশিয়ার মধ্যে দ্রুততম ৫ মিলিয়ন বা ৫০ লক্ষ লাইক সংগ্রহ করেছে। ভক্তদের পাশাপাশি তারকা দম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন জগতের মানুষেরা।

সেই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী সচিন তেন্ডুলকর। দীর্ঘ পোস্টে তিনি লিখেছেন, “অনেক শুভেচ্ছা বিরাট ও অনুষ্কাকে। তোমাদের পরিবারে একটা দামী রত্ন যুক্ত হল অকায়ের আগমনে। আশা করি ওর নামের অর্থের মত তোমাদের ঘর আলো করবে অকায়। তোমাকে এই বিশ্বে স্বাগত, লিটল চ্যাম্প।”
আরও পড়ুন: Indian Football: কলঙ্কিত ফুটবল, ম্যাচ গড়াপেটার দায়ে সাসপেন্ড করা হল ভারতের একটি ক্লাবকে
সদ্যোজাতের নাম রাখার ক্ষেত্রেও অভিনবত্বের ছাপ রেখেছেন বিরুষ্কা। পুত্র সন্তানের নাম রেখেছেন অকায়। এই নামের দু’ধরনের অর্থ হয়। তুর্কি ভাষায় শব্দের অর্থ পূর্ণিমার চাঁদের আলো। আবার সংস্কৃতে শব্দের অর্থ আকার বিহীন। যিনি সর্বশক্তির আধার। সেই সর্বশক্তিমানের নামেই পুত্রসন্তানের নাম রেখেছেন তারকা দম্পতি। বছর তিনেক আগে যখন তাদের প্রথম কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তখন দেবী দূর্গার নামে তার নাম ভামিকা রেখেছিলেন তারা।


More Stories
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত
লালহলুদের ইলিশ উৎসব ধূপগুড়িতে
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক