Home » Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল এই চার দল, ফাইনালে ওঠার লড়াইয়ে কে কোন দলের মুখোমুখি হবে?

Ranji Trophy: রঞ্জি ট্রফির সেমিফাইনালে উঠল এই চার দল, ফাইনালে ওঠার লড়াইয়ে কে কোন দলের মুখোমুখি হবে?

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ ফেব্রুয়ারি: ঘরোয়া ক্রিকেটে সেরা হওয়ার লড়াই জমে উঠেছে। রঞ্জি ট্রফির (Ranji Trophy) কোয়ার্টার ফাইনাল পর্বের খেলা ইতিমধ্যে শেষ। সেরা চার দল জায়গা পাকা করে নিয়েছে সেমিফাইনালে। কোয়ার্টার ফাইনালে হেরে বিদায় নিয়েছে গতবারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্র। কোন চার দল পেয়ে গেল সেমিফাইনলের টিকিট? 

কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচে বিদর্ভ ১২৭ রানে হারিয়ে দিয়েছে কর্ণাটককে। প্রথম ইনিংসে বিদর্ভ ৪৬০ রান তুলেছিল। জবাবে ২৮৬ রানে শেষ হয়ে যায় কর্ণাটকের ইনিংস। দ্বিতীয় ইনিংসে ১৯৬ রান করে বিদর্ভ। জবাবে কর্ণাটকের ইনিংস শেষ হয়ে যায় ২৪৩ রানে। দ্বিতীয় ম্যাচে মুম্বই ও বরোদার খেলা অমীমাংসিত শেষ হয়। প্রথম ইনিংসে রানের বিচারের এগিয়ে থাকার জন্য সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মুম্বই। মুম্বই প্রথম ইনিংসে করে ৩৮৪ রান। জবাবে বরোদা করে ৩৪৮ রান। দ্বিতীয় ইনিংসে ৫৬৯ রান তুলেছিল মুম্বই। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১২১ রান করে বরোদা।

আরও পড়ুন: Fastest T20 Century: টি-২০ ক্রিকেটে বিশ্বরেকর্ড, দ্রুততম শতরানের মালিক হলেন এই ক্রিকেটার

তৃতীয় ম্যাচে সকলের নজর ছিল গতবারের চ্যাম্পিয়ন সৌরাষ্ট্রের দিকে। তামিলনাড়ুর বিরুদ্ধে ইনিংস ও ৩৩ রানে হারতে হল গতবারের চ্যাম্পিয়নদের। তামিলনাড়ুর ইনিংস শেষ হয় ৩৩৮ রানে। সৌরাষ্ট্র দুটো ইনিংসে তোলে যথাক্রমে ১৮৩ ও ১২২ রান। চতুর্থ কোয়ার্টার ফাইনালে দুই প্রদেশের মধ্যে রুদ্ধশ্বাস লড়াই হয়। ৪ রানে অন্ধ্রকে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গিয়েছে মধ্যপ্রদেশ। মধ্যপ্রদেশ প্রথম ইনিংসে তোলে ২৩৪ রান। জবাবে অন্ধ্র করে ১৭২ রান। মধুপ্রদেশের দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ১০৭ রানে। জয়ের জন্য অন্ধ্রের দরকার ছিল ১৬৯ রান। কিন্তু চার রান বাকি থাকতে অলআউট হয়ে যায় দক্ষিণ ভারতের রাজ্যটি। আগামী ২ মার্চ হবে প্রতিযোগিতার সেমিফাইনাল। প্রথম সেমিতে বিদর্ভ খেলবে মধ্যপ্রদেশের বিরুদ্ধে। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে মুম্বই ও তামিলনাড়ু।

ভারতীয় ক্রিকেটে নতুন প্রতিভার অন্বেষণে আজও রঞ্জি ট্রফির গুরুত্ব অপরিসীম। মহারাজ রঞ্জিত সিংয়ের নামে এই প্রতিযোগিতার নামকরণ হয়েছিল। তারপর শতবর্ষের বেশি সময় ধরে এই প্রতিযোগিতা চলে আসছে। সারা বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্য দল অংশগ্রহণ করে রঞ্জি ট্রফিতে। এখানে ভাল পারফরম্যান্সের ভিত্তিতে দেশের সেরা প্রতিভাদের সামনে খুলে যায় জাতীয় দলের দরজা। চলতি ইংল্যান্ড সিরিজেও জাতীয় দলে সুযোগ পেয়েছেন চার ক্রিকেটার। সরফরাজ খান, রজত পতিদার, ধ্রুব জুরেল ও আকাশ দীপ দলে সুযোগ পেয়েছেন রঞ্জি ট্রফিতে ভাল খেলার সুবাদে। এই মরশুম থেকে কোন কোন ক্রিকেটারদের জাতীয় দলের দরজা খোলে উত্তর মিলবে সময়ে।

About Post Author