স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১০ মার্চ: প্রিমিয়ার লিগে ছন্দে ফিরল ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার ওল্ড ট্র্যাফোর্ডে এভার্টনকে ২-০ গোলে হারিয়ে দিল এরিক টেন হ্যাগের দল। গত দুই ম্যাচে ফুলহ্যাম ও ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে হারতে হয়েছিল রেড ডেভিলদের। লিগ টেবিলের শেষ চারে শেষ করার লড়াইয়ে বেশ কিছুটা পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টারের লাল শিবির। চাপ বাড়ছিল কোচ এরিক টেন হ্যাগের উপর। এই পরিস্থিতি থেকে জয়ের রাস্তায় ফিরল ব্রুনো ফার্নান্ডেজরা।

ম্যাচে জিতলেও আধিপত্য দেখাতে পারেনি ইউনাইটেড। ঘরের মাঠে টানটান লড়াইয়ের মুখোমুখি হতে হয়। এই আবহে বহু কাঙ্ক্ষিত গোলটি পেয়ে যায় স্বাগতিকরা। বক্সের মধ্যে বিপজ্জনক হয়ে ওঠা আলেহান্দ্রো গার্নাচোকে আটকাতে গিয়ে ফাউল করে বসেন এভার্টনের এক ডিফেন্ডার। বলের খুব কাছেই ছিলেন রেফারি। তিনি বাঁশি বাজিয়ে পেনাল্টির নির্দেশ দেন। স্পট কিক থেকে বল জালে জড়াতে ভুল করেননি ব্রুনো ফার্নান্ডেজ। ডানদিকের মাটি ঘেঁষা শটে গোল করে দলকে এগিয়ে দেন ইউনাইটেড অধিনায়ক। ম্যাচের ২৭ মিনিটে নিজের ও দলের দ্বিতীয় গোল করতে পারতেন ব্রুনো। বক্সের বাইরে থেকে তার নেওয়া বাঁকানো ফ্রি-কিক অবিশ্বাস্য দক্ষতায় রুখে দেন বিপক্ষের গোলরক্ষক। কয়েক মিনিট পর পাল্টা আক্রমণে গোলের সুযোগ তৈরী করেছিল এভার্টন। তবে ম্যাকনিলের নেওয়া শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ম্যাচের ৩৫ মিনিটে আবার বল পায়ে বিপজ্জনক হয়ে ওঠেন গার্নাচো। ডান দিক থেকে প্রতিপক্ষের দু’জন ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়েন বক্সের মধ্যে। তাকে রুখতে গিয়ে ফাউল করেন ডিফেন্ডার বেন গডফ্রে। আবার পেনাল্টি পায় ইউনাইটেড। এবার স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্কোস র্যাশফোর্ড। ২-০ গোলে এগিয়ে থেকে বিরিতিতে যান ইউনাইটেড ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধে গোল শোধের মরিয়া চেষ্টা করতে থাকে এভার্টন। তবে ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার তৎপরাতায় বিপদ বাড়েনি। ৫৮ মিনিটে আব্দুলায়ে ডুকুরের দুরূহ কোণ থেকে নেওয়া শট পা দিয়ে বাঁচান ওনানা। ৬০ মিনিটে গোলের সুযোগ তৈরি করে ইউনাইটেড। বাঁদিক থেকে ব্রুনোর বাড়ানো বলের সঙ্গে সংযোগ করতে পারেনি গার্নাচো। খেলার শেষ বাঁশি বাজা পর্যন্ত আর কোনও দল গোলের দেখা পায়নি। ফলে গত দু’ম্যাচে হারার পর অবশেষে জয়ের রাস্তায় ফিরলেন ব্রুনো ফার্নান্ডেজরা। গোল করতে না পারলেও এদিন ইউনাইটেডের সেরা ফুটবলার গার্নাচো। ক্লাবের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে দুটি পেনাল্টি আদায় করে নজির গড়েন আর্জেন্টিনার এই তরুণ ফুটবলার। এই জয়ের ফলে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট পেয়ে ছ’নম্বরে রইল ম্যানচেস্টার ইউনাইটেড। সমসংখ্যক ম্যাচে ২৫ পয়েন্ট পেয়ে ১৬ নম্বরে এভার্টন।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার