সময় কলকাতা ডেস্ক,১৬ মার্চ :হার্দিক পান্ডিয়া মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরতে পেরে এবং এমআইএর অধিনায়কত্ব করার সুযোগ পেয়ে যার পর নাই খুশি। তাতে কি? বিতর্ক তাড়া করে বেড়াচ্ছে তাকে। খোঁচা দিতে ছাড়ছেন না প্রাক্তন তারকা ক্রিকেটাররা। সবচেয়ে উল্লেখযোগ্য প্রশ্ন তুলেছেন প্রাক্তন ভারতীয় পেস বোলার প্রবীণ কুমার। তিনি প্রশ্ন করেছেন, হার্দিক কি চাঁদ থেকে নেমেছে?
মুম্বাই ইন্ডিয়ান্সে ফিরে, আইপিএল মরসুম শুরুর ঠিক আগে, তারকা অলরাউন্ডার ও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া শুক্রবার ক্রিকেটপ্রেমীদের জন্য বিশেষ বার্তা দিয়েছেন, দিয়েছেন অসাধারণ ক্রিকেট খেলার প্রতিশ্রুতি। তাঁর প্রতিশ্রুতি এমন একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলার যা কেউ ভুলতে পারবে না। হার্দিক এবার এই আইপিএল মরসুমে পাঁচবারের চ্যাম্পিয়ন MI কে নেতৃত্ব দিচ্ছেন।
আসন্ন মরসুমের আগে গুজরাট টাইটানস থেকে পান্ডিয়াকে মুম্বাই ইন্ডিয়ান্স ঘরে ফিরিয়েছে । হার্দিক ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্স দলে তাঁর আইপিএল অভিষেক করেছিলেন এবং ২০২২ সালে গুজরাট দলে যোগদানের আগে চারবার আইপিএল জয়ী মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য ছিলেন। দল বদলে প্রথম বছরই গুজরাটের অধিনায়কত্ব পেয়েই তিনি খেতাব এনে দেন নতুন দলকে। পরের বার অর্থাৎ গত বছর মোহিত শর্মার শেষ বলে রবীন্দ্র জাদেজা ওভার বাউন্ডারি না মারলে টানা দ্বিতীয়বার গুজরাট টাইটান্স দলের আইপিএল চ্যাম্পিয়ন অধিনায়ক হতে পারতেন হার্দিক। এবার আবার পুরনো দলে ফিরে এসে খুশিতে ডগমগ হার্দিক।
সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চাইজি দ্বারা পোস্ট করা একটি ভিডিওতে রোহিত শর্মার বদলে অধিনায়কত্বের আসনে স্থলাভিষিক্ত পান্ডিয়া বলেছেন, “এই রঙটি পরার অনুভূতি আমার জন্য খুব বিশেষ। এখানে যাত্রা শুরু হয়েছিল, বাড়িতে ফিরে আসা এবং খেলা সবসময়ই স্পেশাল হতে চলেছে,” বলেছেন পান্ডিয়া।
“আমরা নিশ্চিত করব যে আমরা এমন একটি ব্র্যান্ডের ক্রিকেট খেলব যার ফলে সবাই গর্বিত হবে এবং একই সময়ে এটি এমন একটি যাত্রা হতে চলেছে যা কেউ ভুলতে পারবে না।”
পান্ডিয়াকে এমআই প্রধান কোচ মার্ক বাউচার স্বাগত জানিয়েছেন। তবে যাই বলুন পান্ডিয়া বা মার্ক বাউচার পান্ডিয়া কে নিয়ে কিছুটা চাপা অসন্তোষ, ক্ষোভ রয়েছে প্রাক্তন ক্রিকেটার এবং মুম্বাই ইন্ডিয়ান্স সমর্থকদের মধ্যে। রোহিত শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের সর্বকালের সফল ক্যাপ্টেন হওয়া সত্বেও এবং বিশ্বকাপে তাঁর পারফরম্যান্স দিয়ে দর্শকদের মুগ্ধ করার পরেও মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়কত্বের পথ হারানোকে অনেক ক্রীড়া প্রেমী ভালোভাবে মেনে নেননি। অন্যদিকে, তাঁর চোট আঘাত নিয়ে ধোঁয়াশা বিতর্ক বাড়িয়েছে। ভারতীয় দলের প্রাক্তন ওপেনার আগেই গৌতম গম্ভীর বিস্ময় প্রকাশ করেছিলেন সারা বছরে তিন মাস সুস্থ থাকা হার্দিক পান্ডিয়া কি করে আইপিএলেই সুস্থ হয়ে পড়েন ! তাঁর পরিষ্কার ইঙ্গিত,আইপিএলের অল্প সময়ে বেশি অর্থ আয়ের লোভনীয় বিষয়টির দিকে।আশীষ নেহেরা আবার হার্দিককে নিয়ে বিরূপ কিছু না বলে আইপিএলে নতুন টিমে তাঁর সাফল্য কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন। তবে এবার মুখ খুলেছেন ভারতের প্রাক্তন তারকা পেসার প্রভীন কুমার। তিনি বলেছেন শ্রেয়াস আইয়ার ওই ঈশান-কিশনের জন্য এক নিয়ম এবং হার্দিক পান্ডিয়ার জন্য অন্য নিয়ম মানা যায় না। তার জিজ্ঞাসা তাহলে কি কেবল সাদা বলে ক্রিকেটের জন্যই হার্দিক পান্ডিয়াকে ভাবা হচ্ছে? তাঁর আরও প্রশ্ন, তাহলে কি তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে না? প্রসঙ্গত শ্রেয়স রঞ্জি চ্যাম্পিয়ন মুম্বাইয়ের হয়ে সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ খেলেছিলেন। কিন্তু তার আগেই ভারতীয় দলের গ্রেডেশন তালিকা তৈরি হয়ে যায়। ঈশান কিসান কে আবার ঝাড়খন্ডের হয়ে কোনও ম্যাচ খেলতেই দেখা যায়নি। বোর্ডের পরিষ্কার বার্তা ছিল চুক্তিবদ্ধ হতে চাইলে রঞ্জি খেলে আসতে হবে। বোর্ডের চুক্তিবদ্ধ তালিকায় থাকা খেলোয়ারদের মধ্যে থাকলেও হার্দিক পান্ডিয়া ঘরোয়া ক্রিকেট খেলেন নি। প্রবীণ কুমার প্রশ্ন ছুড়ে দিয়েছেন, হার্দিক কি চন্দ্র গ্রহ থেকে মর্ত্যধামে নেমে এসেছেন?


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার