Home » Arjun Singh: পার্থর বিরুদ্ধে লড়াই, ‘কৃষ্ণ’ মুকুলের দরবারে ব্যারাকপুরের অর্জুন

Arjun Singh: পার্থর বিরুদ্ধে লড়াই, ‘কৃষ্ণ’ মুকুলের দরবারে ব্যারাকপুরের অর্জুন

সময় কলকাতা ডেস্ক, ২৯ মার্চ: লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। বিভিন্ন কেন্দ্রের প্রার্থীরা নিজেদের কৌশলে নির্বাচনের ছক সাজাচ্ছেন। পিছিয়ে নেই উত্তর ২৪ পরগনার শিল্পাঞ্চল ব্যারাকপুরের বিজেপি প্রার্থী অর্জুন সিংও। সম্প্রতি ব্যারাকপুরের প্রাক্তন সিপিএম সাংসদ তড়িৎ বরণ তোপদারের শরণাপন্ন হয়েছিলেন তিনি। এবার অর্জুন সিং গেলেন তার জেলার আর এক বর্ষীয়ান নেতা মুকুল রায়ের বাড়িতে। শুক্রবার সকালে তৃণমূলের প্রাক্তন ‘সেকেন্ড-ইন-কমান্ডের’ কাঁচরাপাড়ার বাড়িতে গেলেন ব্যারাকপুরের সাংসদ। কী কথা হল দুজনের খবর নিল সময় কলকাতা…..

এই তো বছর পাঁচেক আগের কথা। গত লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিট না পেয়ে দিল্লি উড়ে গিয়েছিলেন অভিমানী অর্জুন সিং। রাজধানীতে দলের সদর দফতরে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন তৎকালীন ভাটপাড়ার বিধায়ক। যার তত্ত্বাবধানে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি মুকুল রায়। বিজেপিতে যোগদানের পর অর্জুনের সেই বিখ্যাত বক্তব্য ভাইরাল হয়েছিল। তিনি বলেছিলেন, ‘মুকুল রায় কৃষ্ণ, আমি অর্জুন’। তারপর বিজেপির টিকিটে ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে সাংসদ হন অর্জুন সিং। ২০২১ সালে রাজ্য বিধানসভা নির্বাচনে ভরাডুবি হয় বিজেপির। যদিও কৃষ্ণনগর উত্তর থেকে জয়ী হয়েছিলেন মুকুল রায়। তারপর সপুত্র বিজেপি ছেড়ে ফিরে গিয়েছিলেন পুরনো দল তৃণমূলে। মুকুলকে অনুসরণ করে ২০২২ সালে অর্জুনও তৃণমূলে ফেরেন। কিন্তু, ২০২৪ সালে তাকে পার্টি টিকিট না দেওয়ায় ফের বিজেপিতে ফিরেছেন ব্যারাকপুরের বাহুবলী নেতা। অন্যদিকে রাজ্য রাজনীতির একদা চানক্য এখন রাজনীতি থেকে অনেকটাই দূরে। বয়সজনিত নানা রোগে প্রায় শয্যাশায়ী। কাঁচড়াপাড়ায় নিজের বাসভবন যুগল ভবনে রয়েছেন মুকুল। যেই কাঁচড়াপাড়া ব্যারাকপুর লোকসভার অন্তর্গত। তাই প্রার্থী হয়েই প্রাক্তন সতীর্থ এদিন মুকুল রায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন অর্জুন সিং। সেই মূহূর্তের ছবি নিজের সমাজ মাধ্যমে পোস্ট করেন তিনি। সেখানে দেখা যায় মুকুল রায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করছেন অর্জুন সিং।

আরও পড়ুন: Kolkata Municipal Corporation: বেআইনি নির্মাণ রুখতে নয়া নিয়ম কলকাতা পুরসভার, ১৫ দিন অন্তর রিপোর্ট পেশের নির্দেশ লালবাজারের

মুকুলের বাড়ি থেকে বেরিয়ে অর্জুন জানিয়েছেন, মুকুল রায় তাকে চিনতে পেরেছেন। শুধু তাই নয় ‘বিজয়ী হও’ বলে অর্জুনকে একটি উত্তরীয় পড়িয়ে দেন মুকুল। প্রাক্তন সতীর্থর সুস্থতা কামনা করেছেন ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তথা এলাকার দাপুটে নেতা অর্জুন সিং। অর্জুনের দাবি, “মুকুল দা আমাকে দেখে বললেন, ‘আরে অর্জুন এসেছিস!’ তার পরে আমাকে ভোটে জেতার জন্য শুভেচ্ছাও জানালেন।’’ পাশাপাশি অর্জুনের দাবি, মুকুল তাঁকে বলেছেন, ‘‘তুই-ই জিতবি।”

About Post Author