সময় কলকাতা ডেস্ক, ৩০ মার্চঃ লোকসভা নির্বাচনের প্রচারে বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করে বিপাকে পড়েছিলেন বহরমপুরে তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। তাঁর কেন্দ্রে একটি ব্যানার নিয়ে বিতর্ক তৈরি হয়। সেখানে বিশ্বকাপ জয়ের মুহূর্তের কিছু ছবি ব্যবহার করা হয়েছিল। বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানানো হয়েছিল কংগ্রেসের তরফে। আদর্শ আচরণবিধি ভঙ্গ করছে বলে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছিল। এবার সেই ঘটনায় কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। ২০১১-র বিশ্বকাপ জয়ের মুহূর্তের ছবি ভোটপ্রচারের ফ্লেক্সে ব্যবহার করা যাবে না। কংগ্রেসের অভিযোগের ভিত্তিতে ইউসুফ পাঠানকে এমনটাই সিদ্ধান্ত জানিয়ে দিল নির্বাচন কমিশন।
আরও পড়ুন বেঙ্গালুরুকে হারিয়ে কেকেআরের বাগানে ফুল হয়ে ফুটলেন নারিন -রাসেল, কাঁটা স্টার্ক
আসন্ন লোকসভা নির্বাচনে গুজরাটের এই প্রাক্তন ক্রিকেটারকে বহরমপুর থেকে প্রার্থী করেছে তৃণমূল। তাঁর বিরুদ্ধে কংগ্রেস প্রার্থী বহরমপুরের পাঁচ বারের সাংসদ অধীর চৌধুরী। জানা গিয়েছে, ২০১১ সালের ভারতীয় বিশ্বকাপ জয়ী দলের সদস্য পাঠান তাঁর প্রচারে সেই জয়ের মুহূর্ত ও শচীন তেন্ডুলকরের ছবি ব্যবহার করেছিলেন। তাতে নির্বাচনী বিধিভঙ্গ হয়েছে বলে অভিযোগ তোলে কংগ্রেস। বলা হয়েছিল, ব্যক্তিগত স্বার্থ পূরণের উদ্দেশে বিশ্বকাপের ছবি ব্যবহার করছেন ইউসুফ। সেইসঙ্গে দাবি করা হয়েছিল, ভারতরত্ন সচিন তেন্ডুলকরের ছবি ব্যবহার করে সাধারণ ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করা হচ্ছে। এই অভিযোগ প্রকাশ্যে আসতেই জেলশাসকের থেকে রিপোর্ট তলব করা হয়েছিল। কেন সচিনের ছবি ব্যবহার করা হয়েছে, সে ক্ষেত্রে কোনও বৈধ অনুমতি রয়েছে কি না, সে সব জানতে চাওয়া হয়েছিল। এক সপ্তাহের মধ্যে ইউসুফের নির্বাচনী এজেন্ট এবং ফ্লেক্স প্রস্তুতকারী সংস্থাকেও এ বিষয়ে লিখিত জবাব দিতে বলা হয়।
শুক্রবার নির্বাচন কমিশনের তরফে ইউসুফকে জানানো হয়েছে, ওই ছবি নির্বাচনী প্রচারে ব্যবহার করতে পারবেন না তিনি। ইতিমধ্যে যে ছবি প্রচারের কাজে ব্যবহার করা হয়েছে, তাও সরিয়ে ফেলতে বলা হয়েছে। যদিও, বিষয়টি নিয়ে তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠান আগেই জানিয়েছিলেন, বিশ্বকাপ জয় এবং কাপকে স্পর্শ করার সৌভাগ্য সকলের হয় না। তাঁর অনেক ফ্যান রয়েছে। তাঁদের মধ্যে কেউ এই পোস্টার দিয়ে থাকতে পারে। এই বিষয় নিয়ে নির্বাচন কমিশনের কোনও অভিযোগ থাকলে সেটা মেনে নেওয়া হবে বলেও জানান তিনি।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা