Home » I-League: দিল্লির বিরুদ্ধে হারলেও আই লিগ খেতাব মহামেডানেরই

I-League: দিল্লির বিরুদ্ধে হারলেও আই লিগ খেতাব মহামেডানেরই

স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ এপ্রিল: এক ম্যাচ বাকি থাকতেই আই লিগ (I-League) চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিল মহামেডান স্পোর্টিং। একই সঙ্গে আগামী মরশুমে আইএসএল খেলাও নিশ্চিত করে ফেলেছে সাদা কালো ব্রিগেড। শনিবার দিল্লি এফসির বিরুদ্ধে জিতে আই লিগের বহু কাঙ্খিত ট্রফিটি হাতে তুলতে চেয়েছিল মহামেডান কোচ ফুটবলার থেকে সমর্থকরা। ঘরের মাঠে প্রিয় দলের খেলা দেখতে হাজির হয়েছিল প্রায় ৩৫ হাজার সমর্থক। প্রিয় দলের হাতে ট্রফি দেখার স্বাদ পূরণ হলেও, শেষ ম্যাচে দলের জয় দেখা থেকে বঞ্চিত হতে হল তাদের। দিল্লির বিরুদ্ধে এদিন মহামেডানকে হারতে হল ১-৩ গোলে।

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়তে হয় কলকাতার তৃতীয় প্রধানকে। সাত মিনিটের মাথায় সফরকারী দলের হয়ে গোলের খাতা খোলেন আলিশের খোলমুরোদভ। পাপে গাসামারের নেওয়া কর্নার থেকে গোল করেন তাজিকিস্তানের ডিফেন্ডার। সেই গোলের ধাক্কা কাটিয়ে উঠতে সময় লাগে আন্দ্রে চের্নিশোভের ছেলেদের। এভজেনি কোজালোভের শট প্রতিহত হওয়ার পর এদি হার্নান্দেজ গোলের সামনে থেকে সহজ সুযোগ হাতছাড়া না করলে ম্যাচে সমতায় ফিরতেই পারত সাদা-কালো ব্রিগেড। বরং ৩২ মিনিটের মাথায় দিল্লির দলের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন গোয়ামসার গোয়ারি। আই লিগে এটাই প্রথম গোল ১৮ বছরের গোয়ামির। ০-২ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যান মহামেডান ফুটবলাররা।

দ্বিতীয়ার্ধের নির্ধারিত ৪৫ মিনিটে কোনও দল গোল করতে পারেনি। গত ম্যাচের সাত ফুটবলারকে এই ম্যাচে প্রথম একাদশে রাখেননি মহামেডান হেডস্যার। তাদের অভাব মাঠের মধ্যে টের পাওয়া গেল। যারা সুযোগ পেলেন তারা ক্লাবের নামের প্রতি সুবিচার করতে পারলেন না। এই ম্যাচে কিছু হারানোর ছিল না দিল্লির। তারা অনেকটা খোলা মনে ফুটবল খেলেন। সংযুক্ত সময়ে সফরকারী দলের হয়ে ব্যবধান তৃতীয় গোলটি করেন সের্জিও বার্বোজা। ভূপেন্দ্র সিংয়ের বাড়ানো পাস থেকে গোল করেন তিনি। যখন মনে হচ্ছিল ০-৩ গোলের ব্যবধানে হেরে মাঠ ছাড়বে মহামেডান, তখন দলের হয়ে একটি গোল শোধ করেন মিরজালল কাসিমভ।

আরও পড়ুন: মোহনবাগান নাকি মুম্বাই? আইএসএল লিগ উইনার্স শিল্ড জিতবে কে?

২৪ ম্যাচে ৫২ পয়েন্ট পেয়ে আইলিগের ঐতিহাসিক সফর শেষ করল মহামেডান। ম্যাচের শেষে মহামেডান ফুটবলারদের হাতে লিগের ট্রফি তুলে দেওয়া হয়। ট্রফি তুলে দেন ফেডারেশন সভাপতি ও দুই প্রধানের প্রাক্তন ফুটবলার কল্যাণ চৌবে। বাংলার নববর্ষ শুরু হওয়ার কয়েক মুহূর্ত আগে উৎসবে মাতেন সাদা-কালো সমর্থকরা।

About Post Author