Home » ঝড়ের নাম জেক ফ্রেজার-ম্যাকগার্ক

ঝড়ের নাম জেক ফ্রেজার-ম্যাকগার্ক

সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল : চারবছর আগেই খবরের শিরোনামে এসেছিলেন তিনি। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ খেলতে গিয়ে অভয়ারণ্যে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানে হনুমানের আঁচড় খেয়ে সফরের মাঝপথেই অস্ট্রেলিয়ায় ফিরতে হয় তাঁকে। তারপরে শুধুমাত্র ক্রিকেটের জন্যই বিগত চার বছর ধরে ক্রিকেট দুনিয়ায় সাড়া জাগিয়েছেন তিনি।লিস্ট এ ক্রিকেটে ২৯ বলে শত রানের রেকর্ড রয়েছে তার। আইপিএলে শুরুটাও করলেন সাড়া জাগিয়ে।শুক্রবার যখন রোগা ছটফটে এক তরুণ মাঠে নামলেন তখনও তাঁর সম্পর্কে বিশেষ ওয়াকিবহাল নয় ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। তাঁর সামনে তখন আগের ম্যাচে লখনউয়ের নায়ক যশ ঠাকুর।নেমেই প্রথম তিনটি বলের মধ্যে দুটি ছক্কা হাঁকিয়ে এক আশ্চর্য নজির গড়লেন তিনি। স্ট্রাগল করতে থাকা দিল্লি দলের জিয়নকাঠি হয়ে দেখা দিলেন ২২ বছরের তরুণ জেক ফ্রেজার ম্যাকগার্ক (#Jake Fraser-Mcgurk)।

প্রথম শ্রেণীর ক্রিকেট এবং লিস্ট এ ক্রিকেটে আবির্ভাবেই অর্ধশতরান করেছিলেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। সেই নজিরের ব্যতিক্রম হল না ২০২৪ সালেও আইপিএলে তাঁর অভিষেকেও । লখনউ দলের ১৬৭ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে জয় পেল দিল্লি। এই জয়ের অন্যতম প্রধান কারিগর হয়ে থাকলেন ফ্রেজার ম্যাকগার্ক। খুব অল্প বয়সেই লিস্ট এ ক্রিকেটে এসেছিলেন তিনি। ১৭ বছর বয়স থেকে গত ৫ বছর ধরে এতটাই নজর কাড়েন তিনি যার ফলশ্রুতি ২০২৪ সালে অস্ট্রেলিয়ার জাতীয় দলের সুযোগ পেয়ে যান তিনি। দুটি একদিনের ম্যাচে ইতিমধ্যেই অস্ট্রেলিয়ার হয়ে খেলে ফেলেছেন। এবছরের ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাঁর ৪১ রানের ইনিংস বুঝিয়ে দিয়েছে চ্যাপেল -বর্ডার -ওয়ার্ণারের দেশ আবার একজন প্রতিভাসম্পন্ন ক্রিকেটার পেয়ে গিয়েছে। তবে শুধুমাত্র সীমিত ওভারের ক্রিকেটেই তাঁর প্রতিভা আছে এমনটা মনে করেন না ক্রিকেট বিশেষজ্ঞরা। রিকি পন্টিং মনে করেন এবং জানিয়েছেন ,ভবিষ্যতে টেস্ট প্লেয়ার হিসেবে সফল হওয়ার যাবতীয় রসদ তাঁর মধ্যে রয়েছে। প্রথম আইপিএল ম্যাচে তাঁর স্বদেশী তারকা ওয়ার্ণারের উইকেট পড়তেই মাঠে নামেন তিনি।ক্রুনাল পান্ডিয়ার এক ওভারে ওভার বাউন্ডারির হ্যাটট্রিক করে তিনি ম্যাচের ভাগ্য নিশ্চিতভাবে দিল্লির পক্ষে টেনে নিয়ে আসেন। ২০০২ সালে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়ায় জন্ম, ভিক্টোরিয়ার হয়ে খেলা শুরু। বৃহস্পতিবার জন্মদিন ছিল তাঁর।২২ বছর পূর্ণ হওয়ার ঠিক পরের দিন আইপিএলে অসামান্য ভাবে আত্মপ্রকাশ ঘটল তাঁর। ছ মাস আগে, ২০২৩ সালের অক্টোবর মাসে লিস্ট এ ক্রিকেটে তিনি এক দুর্দান্ত রেকর্ড গড়েন । ১২৫ রানের ইনিংস খেলে তিনি চমকে দেন ক্রিকেট দুনিয়াকে। সেদিন ২৯ বলে সেঞ্চুরি করে জেক ফ্রেজার ম্যাকগার্ক ভেঙে দেন এবি ডিভিলিয়ার্সের করা দ্রুততম ৩১ বলে সেঞ্চুরির রেকর্ড। আইপিএলে আবির্ভাব লগ্নে ৩৫ বলে ৫৫ রানের ইনিংস খেলে তিনি বুঝিয়ে দিলেন সম্ভবত আরও বেশ কিছু রেকর্ড নিজের নামে গড়তে এসেছেন তিনি। কুলদীপ যাদব লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যান অফ দ্যা ম্যাচ হতেই পারেন তাঁর দুর্দান্ত বোলিংয়ের জন্য কিন্তু উইলো ঝড় তুলে প্রকৃত অর্থে জায়েন্ট বা দৈত্য হয়ে উঠলেন জেক ফ্রেজার ম্যাকগার্ক। আইপিএল এবং আগামী দিনের ক্রিকেট দুনিয়ায় তিনি ঝড় তোলার ইঙ্গিত রাখলেন।।

About Post Author