স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৭ এপ্রিল: জমজমাট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল। কলকাতা-পঞ্জাব ম্যাচে ভাঙল একাধিক রেকর্ড। শুক্রবার কলকাতার ইডেন গার্ডেনে কলকাতা নাইট রাইডার্সকে ৮ উইকেটে হারিয়েছে পঞ্জাব কিংস। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ২৬১ রান তুলেছিল কলকাতা। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। ৮ বল বাকি থাকতেই সেই রান তুলে নেয় পঞ্জাব। এই ম্যাচ সাক্ষী থেকেছে দুটি বিশ্বরেকর্ডের। পাশাপাশি একাধিক নজির তৈরি হয়েছে। চলুন একনজরে দেখে নেওয়া যাক…
আরও পড়ুন পঞ্চম দফার নির্বাচনে ৮০০-র বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরিকল্পনা নির্বাচন কমিশনের
১. সর্বাধিক ছয়: আইপিএলে ছয়ের বর্ষণ। আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সর্বাধিক ছয়ের তালিকায় একনম্বরে উঠে এসেছে এই ম্যাচ। কলকাতা-পঞ্জাব ম্যাচে দুটি দলের ক্রিকেটাররা মোট ৪২ টি ছয় মেরেছেন। ফিল সল্ট,সুনীল নারিনরা মোট ১৮ টি ছয় মারেন প্রথম ইনিংসে। রান তাড়া করতে নেমে জনি বেয়ারস্ট্রো, শশাঙ্ক সিং, প্রভসিমরান গিলদের ব্যাট থেকে আসে মোট ২৪ টি ছয়। এক ম্যাচে সর্বাধক ছয় মারার নজির তৈরী হয়েছিল এবারের আইপিএলেই। হায়দরাবাদ-মুম্বই ম্যাচে মোট ৩৮ টি ছয় মারেন দুই দলের ক্রিকেটারেরা। হায়দরাবাদ-বেঙ্গালুরু ম্যাচেও একই সংখ্যক ছয় আসে। শুক্রবার ইডেনে সেই রেকর্ডই ভেঙে গেল।
২. সর্বাধিক রান তাড়া করে জয়: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে সবথেকে বড় রান তাড়া করে জয়ের নজির ছিল দক্ষিণ আফ্রিকার।গত বছর সেঞ্চুরিয়নে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২৫৯ রান তাড়া করে জিতেছিল প্রোটিয়ারা। সেই রেকর্ডটি ভেঙে গেল কলকাতা-পঞ্জাব ম্যাচে। কলকাতার দেওয়া ২৬২ রানের লক্ষ্য ৮ বল বাকি থাকতে তুলে বিশ্বরেকর্ড গড়ল পঞ্জাব কিংস।
৩. আইপিএলে এক ইনিংসে সর্বাধিক ছয়: চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ২২ টি ছয় মেরেছিল সানরাইজার্স হায়দরাবাদের ব্যাটারেরা। প্রতিযোগিতার ইতিহাসে যা ছিল সর্বোচ্চ। সেই রেকর্ড ভেঙে দিলেন জনি বেয়ারস্ট্রো, শশাঙ্ক সিংরা। কলকাতার বিরুদ্ধে মোট ২৪ টি ছয় মেরেছে পঞ্জাবের ব্যাটারেরা। যদিও বিশ্বরেকর্ড থেকে দুই ছয় দূরে থামতে হয় পঞ্জাবকে। আন্তর্জাতিক ক্রিকেটে এক ইনিংসে সর্বাধিক ছয়ের রেকর্ড রয়েছে নেপালের। গতবছর এশিয়ান গেমনে মঙ্গোলিয়ার বিরুদ্ধে ২৬ টি ছয় মেরেছিল নেপাল।
৪. দুই ইনিংস মিলিয়ে তৃতীয় স্থানে: শুক্রবার কলকাতা বনাম পঞ্জাব ম্যাচে দুই দল মিলে রান করেছে ৫২৩। প্রথমে ব্যাট করে কলকাতা তোলে ২৬১ রান। জবাবে পঞ্জাব করে ২৬২ রান। প্রতিযোগিতার ইতিহাসে দুই ইনিংসে ওঠা সর্বাধিক রানের তালিকায় যা জায়গা করে নিল তৃতীয় স্থানে। তালিকার শীর্ষে রয়েছে এ বছরের হায়দরাবাদ বনাম বেঙ্গালুরু ম্যাচ। দুই ইনিংস মিলিয়ে রান হয়েছিল ৫৪৯।
#কলকাতা-পঞ্জাব ম্যাচ
#Kolkata-Punjabmatch
#InternationalT20match


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত