সময় কলকাতা ডেস্ক, ১৩ মেঃ দেশজুড়ে শুরু চতুর্থ দফার লোকসভা নির্বাচন। এই দফায় পশ্চিমবঙ্গের আটটি আসন- কৃষ্ণনগর, রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, বর্ধমান দুর্গাপুর, আসানসোলে ভোটগ্রহণ চলছে। এই ৮ টি কেন্দ্রে ৭৫ জন প্রার্থীর ভাগ্য নির্ধারিত হবে। সকাল থেকেই রানাঘাট, বীরভূম, বোলপুর, বহরমপুর, বর্ধমান পূর্ব, আসানসোল থেকে বিক্ষিপ্ত অশান্তির খবর এসেছে। তারই মধ্যে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের, মন্তেশ্বর ব্লকে দিলীপ ঘোষকে ঘিরে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। দিলীপ ঘোষের গাড়ির সামনে শুয়ে পড়েন একাধিক তৃণমূল কর্মী। এমনকী, দিলীপ ঘোষের নিরাপত্তায় থাকা জওয়ানদের গাড়ি ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ।
দিলীপ ঘোষের নিরাপত্তা রক্ষীদের মধ্যে একজন আহত হয়েছেন। এক তৃণমূলকর্মীও আহত হয়েছেন। এই ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংশ্লিষ্ঠ জেলা শাসকের থেকে ২ ঘণ্টার মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। দিলীপ ঘোষ অভিযোগ করেন, বিজেপি-র এজেন্টকে বুথ থেকে বার করে দেওয়া হয়েছিল। সেই খবর পেয়েই তিনি বুথে আসতেই চলতে থাকে ইটবৃষ্টি। তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিলীপ ঘোষের উদ্দেশে ‘গো ব্যাক’ স্লোগান দিতে থাকেন। এরপর দিলীপের নিরাপত্তারক্ষীরা লাঠি উঁচিয়ে তৃণমূল কর্মীদের দিকে তেড়ে যান।

অভিযোগ, সেই লাঠির আঘাতে এক তৃণমূল কর্মীর নাক ফেটে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে রীতিমতো নাকাল হতে হয় পুলিশকে। দিলীপ ঘোষের গাড়ি বের করে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকেন বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে রয়েছেন বিশাল পুলিশ বাহিনী। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ‘সকালে আমাদের এজেন্টকে মেরে নাক ফাটিয়েছে। আমি খবর পেয়ে এসেছি। তারপরই তৃণমূল বিক্ষোভ দেখাতে শুরু করে। পুলিশ কোনরকম পদক্ষেপ না নেওয়ায় আমি নির্বাচন কমিশনকে গোটা বিষয়টি জানিয়েছি।’
#LokSabhaElection2024


More Stories
অস্ত্র আইনে তৃণমূল নেতা বিশ্বজিৎ দাস গ্রেফতার
স্বাস্থ্যকর খাদ্য পরিবেশনের পাঠশালা, পড়ুয়া ব্যবসায়ীরা শিখবেন তো?
জিডিপি বিতর্কের খেই ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিশ্বগুরু তকমা দিলীপ ঘোষের