স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ৩০ জুন: ছয় গোল দিয়ে কলকাতা লিগ অভিযান শুরু করেছে গতবারের চ্যাম্পিয়ন মহামেডান স্পোর্টিং। তারাও যে পিছিয়ে নেই, বুঝিয়ে দিল অল্পের জন্য লিগ হাতছাড়া করা ইস্টবেঙ্গল । রবিবার ব্যারাকপুরের বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মাঠে তারা হারিয়ে দিল টালিগঞ্জ অগ্রগামীকে। এক, দুই নয় গুণে গুণে প্রতিপক্ষকে সাত গোলের মালা পরালেন সায়ন, জেসিনরা। প্রাপ্ত সুযোগের সদ্ব্যবহার করলে গোলের সংখ্যা দুই অঙ্কে পৌঁছে যেতে পারত।

খেলা শুরুর ১১ মিনিটে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। বক্সের ডান দিক থেকে শ্যামল বেসরার নেওয়া শট বিপক্ষের এক ফুটবলারের পায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়িয়ে যায়। দ্রুত প্রথম গোলের দেখা পেয়ে আরও উজ্জীবিত ফুটবল খেলতে থাকেন লাল হলুদ ফুটবলারেরা। দুই প্রান্তকে কাজে লাগিয়ে আক্রমণ করছিলেন তারা। কিন্তু গোল পাচ্ছিলেন না। ৪৩ মিনিটের মাথায় দলের হয়ে ব্যবধান বাড়ান অমন সিকে। বাঁ প্রান্ত থেকে বল নিয়ে উঠে আড়াআড়ি দুর্বল শট নেন। কিন্তু বিপক্ষের গোলরক্ষক মিঠুন সামন্ত সেই শটও বাঁচাতে পারেননি। ২-০ গোলে এগিয়ে যায় ইস্টবেঙ্গল। এই অর্ধের বাকি সময় টালিগঞ্জের উপর দাদাগিরি দেখালেও গোল পেল না তারা।
আরও পড়ুন: Copa America 2024 : চোটের জন্য মেসি ছিলেন না, জোড়া গোল করে আর্জেন্টিনাকে জেতালেন মার্টিনেজ
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে ফেরার চেষ্টা করেছিল টালিগঞ্জ। একটি গোল শোধ করে তারা। অভিনব বাগের ক্রস থেকে বল পেয়ে আড়াআড়ি মাটি ঘেঁষা শটে গোল করেন সঞ্জয় শর্মা। ইস্টবেঙ্গল গোলরক্ষক অদিতি পাত্রর কিছুই করার ছিল না। গোল হজম করার পর যদিও অপ্রতিরোধ্য হয়ে ওঠে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ক্লাব। একের পর এক গোল করে ব্যবধান বাড়াতে থাকে তারা। ৬৩ মিনিটে বক্সের মধ্যে হাতে বল লাগে টালিগঞ্জের এক ফুটবলারের। ইস্টবেঙ্গলের পক্ষে পেনাল্টির নির্দেশ দেন রেফারি। গোল করে ব্যবধান ৩-১ করেন জেসিন টিকে। ৬৫ মিনিটের মাথায় সায়নের পাস ধরে একক দক্ষতায় বিপক্ষের বক্সের মধ্যে ঢুকে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন জেসিন। ৭৮ মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান সুব্রত মুর্মু। ৮৬ মিনিটে দলের হয়ে ষষ্ঠ গোলটি করেন অনন্তু এস। ছয় গোল করেও গোলের খিদে মেটেনি লাল হলুদের। সংযুক্ত সময়ে টালিগঞ্জের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন সায়ন ব্যানার্জি। অবশেষে ৭-১ গোলে জিতে মাঠ ছাড়ে ইস্টবেঙ্গল।


More Stories
টুটু বসু প্রয়াত
পাকিস্তানকে ধ্বংস করল বাংলাদেশ
জমে উঠেছে পাকিস্তান বাংলাদেশ টেস্ট