Home » বর্ষার মরশুমে গরম ভাতে জমিয়ে খান আনারস কাতলা, রইল রেসিপি

বর্ষার মরশুমে গরম ভাতে জমিয়ে খান আনারস কাতলা, রইল রেসিপি

সময় কলকাতা ডেস্ক, ৭ আগস্ট: বর্ষার মরশুমে কাতলা মাছ খেতে ভালবাসেন না এমন বাঙালি খুব কমই দেখা যায়। ঝোল হোক কিংবা পাতুরি হোক— নানা ভাবেই বাঙালির মন জয় করেছে কাতলা মাছ। কাতলা মানেই কি ভাপা? অথবা ঝোল কিংবা কালিয়া? সেই দস্তুর ভেঙে এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন আনারস কাতলা। বর্ষার মরশুমে বাঙালির পাতে আনারস থাকবে না , তা আবার হয় নাকি! কাতলার স্বাদ চেটেপুটে নিতে খুব সামান্য কিছু উপকরণ দিয়েই বাড়িতেই বানিয়ে ফেলুন আনারস কাতলা। পোলাও কিংবা সাদা ভাতের একেবারে জমে যাবে আনারস কাতলা। আনারস কাতলা বানানোর জন্য রইল খুব সহজ একটি রেসিপি-

আরও পড়ুন Paris Olympics 2024 | বিনেশ ইস্যুতে বড় পদক্ষেপ, প্রধানমন্ত্রী কী বললেন অলিম্পিক্স সংস্থার প্রধান ঊষাকে?

উপকরণ
কাতলা মাছ- ৫ পিস
পেঁয়াজকুচি- ২টি
কাঁচালঙ্কা কুচি ৭-৮টি
গ্রেট করা পাকা আনারস- হাফ কাপ
হলুদগুঁড়ো- ১ চা চামচ
লঙ্কাগুঁড়ো- হাফ চা চামচ
সর্ষেবাটা- ৩ চা চামচ
সর্ষের তেল- ৪ চা চমচ
নুন স্বাদমতো
রন্ধন পদ্ধতি

প্রথমেই মাছে নুন-হলুদ মাখিয়ে রাখুন। এরপর কড়াইয়ে তেল গরম করে মাছগুলো হালকা ভেজে তুলে রাখুন। এবার প্যানে পরিমাণ মত তেল দিয়ে পেঁয়াজকুচি ভাজুন। পেঁয়াজ সোনালি রঙ হয়ে এলে লঙ্কাগুঁড়ো, হলুদ, নুন ও কাঁচালঙ্কা দিয়ে ভাল করে কষান। কষানো থেকে তেল ছাড়তে শুরু করলে গ্রেট করা আনারস দিয়ে দিন। মিনিট পাঁচেক নেড়েচেড়ে এক কাপ জল দিন। এরপর একটু নেড়ে সর্ষেবাটা দিয়ে দিন। ঝোল ফুটে উঠলে মাছগুলো ওপর থেকে দিয়ে ঢেকে দিন। ঝোল ঘন হয়ে এলে হালকা করে নেড়েচেড়ে নামিয়ে নিন। ভাত বা পোলাওয়ের সঙ্গে গরম গরম পরিবেশন করুন আনারস কাতলা।

#Latestbengalinews

About Post Author