স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৪ অগস্ট: হাতে আর মাত্র তিন দিন। তারপরেই ডুরান্ড কাপের ডার্বিতে মুখোমুখি কলকাতার দুই প্রধান। এবারের প্রতিযোগিতায় নক আউটে কোন দল পৌঁছবে, তা নির্ণয় করে দেবে এই ম্যাচ। কিন্তু ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামার আগে চোটের ধাক্কা মোহনবাগান শিবিরে। ঘাড়ের ব্যথায় কাবু দলের নবাগত তারকা স্ট্রাইকার জেমি ম্যাকলারেন। কলকাতায় চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেছেন তিনি। কিন্তু তাঁকে নিয়ে কোনও ঝুঁকি নিতে চায়না টিম ম্যানেজমেন্ট। তাই চিকিৎসার জন্য মুম্বই উড়ে গেলেন ম্যাকলারেন।
আগামী ১৮ অগস্ট অস্ট্রেলিয়ার বিশ্বকাপারকে সামনে রেখে ঘুঁটি সাজিয়েছিলেন মোহনবাগান কোচ হোসে মলিনা। কারণ এই ম্যাচে জিতলে কোয়ার্টার ফাইনালে সরাসরি পৌঁছে যাবে গত বারের চ্যাম্পিয়নরা। তাই এই ম্যাচে বাড়তি জোর দিচ্ছেন মোহনবাগানের স্প্যানিশ কোচ। তারপর ডার্বি ম্যাচের একটা আলাদা মাহাত্ম্য তো রয়েছেই। তাই সেরা দলকে নামানোর চেষ্টা করছেন মোহনবাগানের হেডস্যার। তার মধ্যে জেমির চোট তাঁর চিন্তা কিছুটা বাড়িয়েছে। যদিও ক্লাব সূত্রের খবর, এই চোট গুরুতর নয়। কয়েকদিন বিশ্রাম নিলেই সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবেন এ লিগের চার বারের সোনার বুটজয়ী। সম্ভবত বুধ বা বৃহস্পতিবার তিনি কলকাতায় ফিরে এসে দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন। ক্লাব সূত্রের খবর, আগামী রবিবার হয়তো মোহনবাগান জার্সিতে অভিষেকও হয়ে যাবে ম্যাকলারেনের।
গত ২৮ জুলাই কলকাতায় পৌঁছন জেমি। তারপর ২৯ তারিখ দলের সঙ্গে অনুশীলনে নেমে পড়েন তিনি। পুষ্পবৃষ্টি দিয়ে নতুন তারকাকে বরণ করে নেন মোহন সমর্থকরা। যদিও এখনও মোহনবাগানের হয়ে মাঠে নামা হয়নি তাঁর। গ্যালারিতে বসে ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে দলের জয় দেখেন তিনি। তবে সব কিছু ঠিক থাকলে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নেমেই ভারতে তাঁর দ্বিতীয় ইনিংসের সূচনা করবেন।


More Stories
হর্ষ – গুরনুরের দুরন্ত অভিষেক, জিতল ভারত
সুভদ্র কেন উইলিয়ামসনের আচমকা অবসর
FIFA Worldcup 2026 : কোরিয়ার চোরাগতিতে বিধ্বস্ত চেকিয়া