Home » Musheer Khan: দলীপ ট্রফির অভিষেকেই অনবদ্য সরফরাজের ভাই মুশির, ভাঙলেন সচিনের ৩৩ বছরের পুরনো নজির

Musheer Khan: দলীপ ট্রফির অভিষেকেই অনবদ্য সরফরাজের ভাই মুশির, ভাঙলেন সচিনের ৩৩ বছরের পুরনো নজির

সময় কলকাতা, স্পোর্টস ডেস্ক, ৬ সেপ্টেম্বরঃ দলীপ ট্রফির অভিষেকেই দুরন্ত ইনিংস মুশির খানের। দাদারা যেখানে ব্যর্থ, সেখানে চাপের মুখে দলকে বাঁচিয়ে নজর কেড়েছেন ১৯ বছরের তরুণ। দ্বিশতরান ছুঁতে না পারলেও শচীনকে ছাপিয়ে গড়েছেন নতুন নজির। ভারত ক -এর বিরূদ্ধে ব্যাট করতে নেমে ৩৭৩ বলে ১৮১ রানের ঝকঝকে ইনিংস উপহার দিয়েছেন মুশির। তাঁর সৌজন্যে প্রথম ইনিংসের শেষে ভারত খ করেছে ৩২১ রান ।

চারটি দল নিয়ে বৃহস্পতিবার অর্থাৎ ৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে দলীপ ট্রফি। এম চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ম্যাচের খেলা চলছে ভারত-ক বনাম ভারত-খ দলের। খেলা শুরুর প্রথম দিনেই ব্যর্থ হয়েছেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান টেস্ট ওপেনার যশস্বী জসওয়াল, রান পাননি ঋষভ পন্থও। সরফরাজ খান ফিরে গিয়েছেন মাত্র ৯ রানে। একটা সময় ৯৪ রানে ৭ উইকেট হারিয়ে ধুঁকছিল দল। এমন সময় দলের হাল ধরেন মুশির। ভারতীয় দলের তারকাদের সামনেই শচীন তেণ্ডুলকরের রেকর্ড ভেঙে দিলেন ১৯ বছর বয়সী এই তরুণ ব্যাটার। ৩৩ বছর আগে দলীপ ট্রফির অভিষেকে ১৫৯ রান করেছিলেন ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী। এদিন তাঁকে টপকে তিন নম্বরে চলে গেলেন মুশির। এক প্রান্ত থেকে উইকেট পড়তে থাকলেও ঘাবড়ে যাননি মুশির। স্রোতের প্রতিকূলে গিয়ে প্রথম দিনেই দুর্দান্ত সেঞ্চুরি করলেন। শুক্রবার একটা সময় পর্যন্ত মনে হচ্ছিল দ্বিশতরানের গন্ডি পেরিয়ে যাবেন। তবে কুলদীপের একটা অসাধারণ ডেলিভারি ফিরিয়ে দেয় মুশিরকে। স্লগ সুইপ খেলতে গিয়ে স্কোয়ার লেগে দাঁড়িয়ে থাকা রিয়ান পরাগের হাতে ক্যাচ তুলে মাঠ ছাড়েন মুশির।

আরও পড়ুনঃ Argentina Football: চিলির বিরুদ্ধে দাপুটে জয় মেসি বিহীন আর্জেন্টিনার, ম্যাচ শেষে দি মারিয়াকে বিদায়ী সংবর্ধনা গার্নাচোদের

আরও পড়ুনঃ San Marino: ১৪০ ম্যাচ পর জয়ের দেখা পেল স্যান মারিনো

১৮১ রানের এই ইনিংসের পথে মুশিরের ব্যাটে এসেছে ১৬টি চার ও ৫টি ছয়। অনূর্ধ্ব ঊনিশ বিশ্বকাপে চোখ ধাঁধানো প্রদর্শন ছিল মুশিরের। মুম্বইয়ের হয়ে কৃতিত্ব রেখেছেন রঞ্জি ট্রফিতেও। এবার দলীপ ট্রফির এই ইনিংসের পর ভারতীয় দলে তাঁকে দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। চলতি ম্যাচে রান তাড়া করতে নেমে ইতিমধ্যে দুই উইকেট হারিয়েছে ভারত-ক। মায়াঙ্ক আগারওয়াল ৩৬ করে ফিরে গিয়েছেন, ২৫ করেছেন শুভমান গিল। এখন ব্যাট হাতে কেএল রাহুলের সঙ্গে বাইশ গজে রয়েছেন রিয়ান পরাগ।

About Post Author