Home » Sitaram Yechury: প্রয়াত সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

Sitaram Yechury: প্রয়াত সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি

সময় কলকাতা ডেস্ক, ১২ সেপ্টেম্বরঃ লড়াই শেষ। প্রয়াত সিপিআইএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭২ বছর। গত মাসে শ্বাসযন্ত্রে গুরুতর সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন দিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস)-এ। গত ৯ সেপ্টেম্বর শারীরিক অবস্থার অবনতি ঘটে। চিকিৎসকেরা কৃত্রিম শ্বাসযন্ত্রের সাপোর্টে রেখেছিলেন। বৃহস্পতিবার জীবনযুদ্ধে হার মানলেন বামরাজনীতির এই বর্ষীয়ান নেতা।

আরও পড়ুন  Buddhadeb Bhattacharjeeঃ প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্য, মহীরুহ পতনে শোকস্তব্ধ বাংলার রাজনৈতিক মহল

গত ৮ অগস্ট প্রয়াত হয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। ওইদিন দিল্লিতে ইয়েচুরির ছানির অস্ত্রোপচার হয়। তাই দীর্ঘদিনের ‘কমরেডের’ শেষযাত্রার সঙ্গী হতে পারেননি। ২২ অগস্ট বুদ্ধদেব ভট্টাচার্যের স্মরণ সভায় তাঁর অনুপস্থিতি নজর এড়ায়নি। শারীরিক ভাবে তার আগেই ভেঙে পড়েছিলেন। অত্যাধিক ধূমপানের কারণে তাঁর ফুসফুসে সংক্রমণ হয়। এরপর গত ৬ অগস্ট তাঁকে ভর্তি করা হয়েছিল দিল্লি এমসে।

১৯৫২ সালের ১২ অগস্ট বর্তমান চেন্নাইয়ে জন্ম হয়েছিল ইয়েচুরির। যদিও তাঁর পৈতৃক বাড়ি অন্ধ্রপ্রদেশের হায়দরাবাদে। সেখানেই প্রাথমিক শিক্ষায় হাতে খড়ি হয় তাঁর। ১৯৬৯ সালে তিনি ভর্তি হন দিল্লির এস্টেট বিদ্যালয়ে। সিবিএসইতে দ্বাদশ শ্রেণির পরীক্ষায় দেশের মধ্যে প্রথম হয়েছিলেন ইয়েচুরি। তারপর দিল্লির সেন্ট স্টিফেন্স কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক হন।  এরপর  দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়  থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর উত্তীর্ণ হন।

বাম রাজনীতির আঁতুড় ঘর বলে পরিচিত  জেএনইউয়েই বামপন্থী রাজনীতিতে হাতেখড়ি ইয়েচুরির। ইমারজেন্সির পর ৫ সেপ্টেম্বর, ১৯৭৭ সালে জেএনইউইয়ের চ্যান্সেলর পদ ইন্দিরা গান্ধির পদত্যাগ দাবি করে বিক্ষোভ দেখায় পড়ুয়ারা। তাঁর নেতৃত্বে ছিলেন সীতারাম ইয়েচুরি। প্রাক্তন প্রধানমন্ত্রী নিজের বাসভবনের সামনে বিক্ষোভকারী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন। তখন তাঁকে একটি স্মারকলিপি পাঠ করেও শোনান ইয়েচুরি। সেই ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের চ্যানসেলর পদ থেকে ইস্তফা দেন ইন্দিরা গান্ধি।

বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় সিপিএমের সদস্যপদ গ্রহণ করেন সীতারাম ইয়েচুরি। পরে গ্রহণ করেন দলের পূর্ণ সময়ের সদস্যপদ। ১৯৭৮ সালে ইয়েচুরি ভারতের ছাত্র ফেডারেশনের সর্বভারতীয় যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছিলেন। ১৯৮৪ সালে তিনি এসএফআই-এর সর্বভারতীয় সভাপতির দায়িত্ব পান। পার্টির কেন্দ্রীয় কমিটিতে নির্বাচিত হন ১৯৮৫ সালে। পলিটব্যুরোর সদস্য পদ পান তার সাত বছর পর। ২০১৫ সালে সিপিএমের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছিলেন সীতারাম ইয়েচুরি। সেবারের পার্টি কংগ্রেসের অধিবেশন বসেছিল কোঝিকোড়ে। ২০০৫ থেকে ২০১৭ সাল পর্যন্ত তিনি রাজ্যসভার সাংসদ ছিলেন। নির্বাচিত হয়েছিলেন বাংলা থেকে। ২০২১ সালে কোভিডের সময় হারান জ্যেষ্ঠ পুত্র আশিস ইয়েচুরিকে। এবার তিনি নিজেও না ফেরার দেশে পাড়ি দিলেন। 

#SitaramYechury 

#CPMGeneralSecretarySitaramYechury 

#SitaramYechurypassesaway 

About Post Author