স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ২৬ অক্টোবরঃ পুণেতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ বাঁচাতে মরিয়া রোহিত অ্যান্ড কোং। তার মধ্যেই আসন্ন বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড। শুক্রবার মোট আঠারো সদস্যের তালিকা ঘোষণা করা হয়েছে। তিন নতুন মুখ রয়েছে দলে। প্রথমবারের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েছেন বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ ।

নভেম্বর মাসে বর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে অস্ট্রেলিয়া যাবে ভারতীয় দল। সেখানে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন রোহিত শর্মারা। ২২ নভেম্বর পার্থে অজিদের বিরুদ্ধে সিরিজ অভিযান শুরু করবেন তাঁরা। তার প্রায় ২৮ দিন আগেই দল ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড বা বিসিসিআই। দ্বিপাক্ষিক সিরিজে সাধারণত ১৫ সদস্যের দল ঘোষণা করা হয়। সেখানে অস্ট্রেলিয়া সিরিজের জন্য তিনজন অতিরিক্ত ক্রিকেটারকে রিজার্ভে রাখা হয়েছে। গৌতম গম্ভীরের দলে প্রতিটি বিভাগে রয়েছে একাধিক বিকল্প। যেহেতু প্রায় দেড়মাস ধরে এই সিরিজ চলবে, তাই ক্রিকেটারদের উপযুক্ত বিশ্রামের কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত বোর্ডের।
প্রত্যাশামত দলকে নেতৃত্ব দেবেন রোহিত শর্মা। সহ-অধিনায়ক নির্বাচন করা হয়েছে দলের অন্যতম যশপ্রীত বুমরাকে। এই দুজন ছাড়াও দলে রয়েছেন বিরাট কোহলি, কেএল রাহুল, রবীন্দ্রা জাদেজা, ঋষভ পন্ত, রবিচন্দ্রণ অশ্বিনের মত অভিজ্ঞ ক্রিকেটারেরা। আবার যশস্বী জয়সওয়াল, সরফরাজ খান, ধ্রুব জুড়েল ও বাংলার আকাশ দীপের মত তরুণ ক্রিকেটারেরাও অস্ট্রেলিয়ার টিকিট নিশ্চিত করেছেন। এই সিরিজে রয়েছে তিন চমক। প্রথম বারের জন্য জাতীয় দলে সুযোগ পেয়েছে বাংলার অধিনায়ক অভিমন্যু ঈশ্বরণ। দলে রোহিত শর্মার বিকল্প ওপেনার কে হবেন? তাই নিয়ে দীর্ঘদিন চর্চা চলছিল ক্রিকেট মহলে। জল্পনার মধ্যে ছিলেন ঈশ্বরণও। শেষ কয়েক বছরে ঘরোয়া ক্রিকেটের অন্যতম ধারাবাহিক এই ক্রিকেটারকে অস্ট্রেলিয়ার মত কঠিন সফরে পাঠিয়ে কী দেখে নিতে চাইছেন নির্বাচকরা? ঈশ্বরণ ছাড়াও দুই নতুন মুখ রয়েছে তালিকায়। তাঁরা হলেন হর্ষিত রাণা ও নীতিশ কুমার রেড্ডি। আইপিএলে দুজনেই পরিচিত মুখ। দেশের হয়ে সাদা বলের ক্রিকেটে নীতিশের অভিষেক হয়েছে চলতি বছরের বাংলাদেশ সিরিজে। স্কোয়াডে থাকলেও দেশের হয়ে খেলার সুযোগ পাননি হর্ষিত। নাইট রাইডার্সের এই পেসার অস্ট্রেলিয়া সফরের দলে সুযোগ পেলেন।
একনজরে দেখে নেওয়া যাক অস্ট্রিলিয়া সফরের ভারতীয় দলঃ
রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, অভিমন্যু ঈশ্বরণ, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ (উইকেটকিপার), সরফরাজ খান, ধ্রুব জুড়েল (উইকেটকিপার), রবিচন্দ্রণ অশ্বিন, রবীন্দ্র জাডেজা, মহম্মদ সিরাজ, আকাশ দীপ, প্রসিধ কৃষ্ণ, হর্ষিত রাণা, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর
রিজার্ভ: মুকেশ কুমার, নবদীপ সাইনি, খলিল আহমেদ।


More Stories
আকিব নবীর হয়ে সরব বেঙ্গসরকার, তাঁর দাবি ঘরোয়া ক্রিকেট বন্ধ করে দেওয়া হোক
প্লে-অফে যেতে হলে কেকেআর-কে কী করতে হবে? কলকাতার সামনে কোন পথ খোলা?
আবার বাংলাদেশের কাছে হার পাকিস্তানের