সময় কলকাতা ডেস্ক:-ঘন কুয়াশায় জেরবার দিল্লি-সহ উত্তর ভারত। ব্যাহত বিমান থেকে ট্রেন পরিষেবা। শনিবার সকালে ৩৬০টি বিমান ওঠা-নামায় বিলম্ব হয়েছে। বাতিল হয়েছে ৬০টি বিমান। কুয়াশার জেরে ১৫টি বিমানকে ভিন্ন পথে ঘোরানো হয়েছে। সড়ক পথেও বিপর্যস্ত যান চলাচল। হরিয়ানার হিসারে দৃশ্যমান্যতার অভাবে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের।
আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে, আগামী কিছুদিন গোটা উত্তর ভারত ঘন কুয়াশার আঁধারে ডুববে। বিশেষ করে দিল্লি, উত্তরপ্রদেশ, পঞ্জাব এবং হরিয়ানায়। এইসঙ্গে চলবে শীত। তাপমাত্রা আরও নামতে পারে। উল্লেখ্য, ঘন কুয়াশার জেরে দিল্লিগামী ৫০টি দূরপাল্লার ট্রেন দেরিতে চলছে শনিবার। এদিকে মৌসম ভবন জানিয়েছে, এই পরিস্থিতি চলবে আগামী ৮ জানুয়ারি পর্যন্ত।
ঘন কুয়াশার জন্য শনিবার শ’তিনেকের বেশি বিমান দেরিতে চলায় ,ভোগান্তির মুখে পড়তে হয় অসংখ্য যাত্রীদের। তবে প্রাকৃতিক পরিস্থিতির কারণে দিল্লি বিমানবন্দর-সহ উত্তর ভারতের অন্য বিমানবন্দর গুলিতে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলির তরফে যাত্রীদের বার বার সতর্ক করা হয়েছে। রাজধানীর পাশাপাশি শ্রীনগর, চণ্ডিগড়, আগ্রা, লখনউ, অমৃতসর, এবং গোয়ালিয়র বিমানবন্দরেও দৃশ্যমানতা শূন্যে নেমে যাওয়ায় বিমান পরিষেবা বিঘ্নিত হয়েছে এদিন। একদিকে যখন বায়ু দূষণ বিপর্যস্ত দিল্লি তখন ঘন কুয়াশার কারণে বিপর্যয় আরো বেড়েছে দিল্লির বুকে। শনিবার সকালে ঘন কুয়াশার কারণে দৃশ্যমান্যতা নেমে গিয়েছিল। এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছিল না। ফলে দুর্ঘটনার প্রবণতা যেমন বেড়েছে তেমনি অফিস যাত্রীরাও পড়েছেন বিপাকে।


More Stories
টিম ইন্ডিয়ার আগুন ধুয়ে দিল ক্যানবেরার বৃষ্টি
বঙ্গে এল বর্ষা, অতি গভীর নিম্নচাপ এখন বাংলাদেশে
কয়েকদিনের ঝড়-বৃ্ষ্টিতে বেশ কিছুটা নেমেছে তাপমাত্রা। আপাতত এই পরিস্থিতিই থাকবে