সময় কলকাতা ডেস্ক:- মার্চের মাঝামাঝি সময় থেকেই দাবদাহে জ্বলছে মধ্য ও দক্ষিণবঙ্গ। তবে মঙ্গলবার বিকেল বা সন্ধেয় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে কম্পিউটার ছাড়া দক্ষিণবঙ্গের বিক্ষিপ্ত কিছু এলাকায়। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি এবং দমকা হাওয়া বাড়তে পারে। বৃহস্পতিবার থেকে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর এখানেই সিঁদুরে মেঘ দেখছে ক্রিকেটপ্রেমীরা। ২২ মার্চ কলকাতা ইডেন গার্ডেন্সে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। ঝড়বৃষ্টি তাতে বাধা হয়ে দাঁড়াবে না তো? সেই প্রশ্নই ঘোরাফেরা করছে সবার মধ্যে।
বৃহস্পতিবার থেকে কলকাতা নাইট রাইডার্সের পাশাপাশি ইডেনে প্র্যাকটিস করার কথা রয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের পর প্রথম ম্যাচেই কেকেআর বনাম আরসিবি-এর লড়াই। এদিকে বুধবার থেকে শনিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। তাই আইপিএলের উদ্বোধনে কী হবে তা নিয়ে চিন্তিত ক্রিকেটপ্রেমীরা থেকে উদ্যোক্তারা প্রত্যেকেই।
শনিবার পর্যন্ত দিনের যে কোনও সময়ই ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায়। চলতি সপ্তাহেই মরশুমের প্রথম কালবৈশাখী হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানের আগে তাই চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে। বুধবারই কলকাতায় চলে আসার কথা বিরাট কোহলিদের। এদিকে আলিপুর হাওয়া অফিস সূত্রে খবর, বৃহস্পতিবার থেকে শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। কোথাও কোথাও ৩০ থেকে ৫০ কিলোমিটার দমকা বাতাস বইতে পারে বিক্ষিপ্ত ভাবে। ঝড়বৃষ্টিতে তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমার কথা বলা হয়েছে।
গত ২-৩ দিন পশ্চিমের যে সব জেলায় তাপপ্রবাহের সতর্কতা ছিল, সেই সব জেলায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। এমনকী, রবিবার ও সোমবার শিলাবৃষ্টিও হয়েছে কোথাও কোথাও। আপাতত হাঁসফাঁস গরম নেই। যদিও আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে।মঙ্গলবারও বিকেল বা সন্ধেয় পর দু’-এক জেলায় হালকা বৃষ্টি হতে পারে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে এই মুহূর্তে। আগামী ৭২ ঘণ্টায় তা স্বাভাবিক বা তারও সামান্য তলায় নামতে পারে। বুধবার কলকাতা-সহ বেশিরভাগ জেলায় আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। দিনের তাপমাত্রা কমতে পারে।


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার