Home » সেতুতে চাকা ফেটে উল্টে গেল ট্রাক, মৃত ৪, আহত ৫!

সেতুতে চাকা ফেটে উল্টে গেল ট্রাক, মৃত ৪, আহত ৫!

সময় কলকাতা ডেস্ক:- বালির নিবেদিতা সেতুর টোল প্লাজার কাছে ছোটো ট্রাক উল্টে মৃত্যু হলো চারজন কাপড় ব্যবসায়ীর। জখম আরও তিন ব্যবসায়ী ও ছোটো ট্রাকের চালক। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, এদিন ভোর চারটে নাগাদ দুর্ঘটনা ঘটে। উত্তর ২৪ পরগনার হাবরা থেকে আট জন রেডিমেড পোশাকের ব্যবসায়ী হাওড়ার অঙ্কুরহাটির দিকে যাচ্ছিলেন। ছোটো ট্রাকে রেডিমেড পোশাকের অনেক বস্তা ছিল। বস্তাগুলির উপরে ব্যবসায়ীরা বসেছিলেন।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় ৪ ব্যবসায়ীর। জখম হন চালক-সহ ৫ জন। দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণ যানজট হয়। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত নিবেদিতা সেতুর অ্যাপ্রোচ রোডে পৌঁছয় বালি থানা ও বালি ট্রাফিক গার্ডের পুলিশ। মৃত ও আহতদের উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার খবর পেয়ে ব্যবসায়ীদের আত্মীয়-পরিজনরা হাসপাতালে পৌঁছেছেন। কী কারণে দুর্ঘটনা ঘটল তা তদন্ত করে দেখছে পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, বালি থানা এলাকায় নিবেদিতে সেতুতে পঞ্চাননতলায় ছোটো ট্রাকের পিছনের একটি চাকা আচমকা ফেটে যায়। ওই ঘটনায় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে সঙ্গে সঙ্গে সেটি উল্টে যায়। ট্রাকে বসে থাকা কয়েকজন ব্যবসায়ী অ্যাপ্রোচ রোডের রেলিং টপকে ৩০ ফুট নীচে পড়ে যান।

About Post Author