সময় কলকাতা ডেস্ক:- ট্রাম্প ট্যারিফের জেরে শুল্ক যুদ্ধের পরিস্থিতি বিশ্ব বাজারে। যদিও চিন বাদে বাকি দেশের উপরে শুল্কের ফাঁস কিছুটা আলগা করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই শুল্ক যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারেও সোনার দামে অস্থিরতা বেড়েছে। যার প্রভাব পড়ছে ভারতেও।
কলকাতার বাজারে প্রতি ১০ গ্রাম পাকা সোনার দাম জিএসটি যোগ করেই সাড়ে ৯৫ হাজার টাকার দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। ২২ ক্যারাটের গয়না সোনার দাম কেবলমাত্র করযোগ করেই ৯০ হাজার টাকা পার করে যাচ্ছে। মেকিং চার্জ বা গয়না গড়ানোর মজুরি যোগ হলে এই দাম আরও কিছুটা বাড়বে। অস্থিরতার বাজারে আগামী দিনে সোনার দাম আরও বেড়ে যাওয়ার আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
এপ্রিল মাসের শুরু থেকেই সোনার দাম চরমে উঠে এসেছে। তবে এ সপ্তাহে পর পর দু’দিন তা কিছুটা কমেও যায়। বৃহস্পতিবার ফের সোনার দাম ফের লাফিয়ে বেড়েছে। ২৪ ক্যারাটের পাকা সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৬৫০ টাকা। অন্য দিকে ২২ ক্যারাটের গয়না সোনার প্রতি ১০ গ্রামের দাম বেড়েছে ১ হাজার ৫০০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও চড়েছে। প্রতি কেজি রুপোর দাম একদিনে বাড়ল প্রায় ২ হাজার টাকা।
শুক্রবার কলকাতার বাজারে সোনার দর: (কর বাদে)
পাকা সোনা বার (২৪ ক্যারাট): ৯১ হাজার ৬০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
পাকা সোনা বার (খুচরো): ৯২ হাজার ১০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
হলমার্কযুক্ত গয়না সোনা (২২ ক্যারাট): ৮৭ হাজার ৫০০ টাকা (প্রতি ১০ গ্রাম)
রুপো (খুচরো): ৯২ হাজার ৭০০ টাকা (প্রতি কেজি)
বাজারে গেলে এই দরের সঙ্গে যোগ হবে জিএসটি এবং গয়না তৈরির মজুরি। জিএসটি ৩ শতাংশ নির্দিষ্ট হলেও বিপণি ভেদে এই মজুরি আলাদা হতে পারে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে