সময় কলকাতা ডেস্ক:- এসএসসি মামলায় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল তা মেনেই নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। মঙ্গলবার নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে এমনটাই ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, আগামী ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। সুপ্রিম কোর্টের নির্দেশ মোতাবেক ২৪ হাজার ২০৩ শূন্য পদ তৈরি হয়েছে। ওই ২৪ হাজার ২০৩টি পদে নতুন করে শিক্ষক নিয়োগ করা হবে। স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই আসরে নামে বিরোধীরা। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, মুখ্যমন্ত্রী গত ৭ এপ্রিল যা বলেছিলেন, তার প্রায় ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। উনি যোগ্যদের পাশে দাঁড়াননি, অযোগ্যদের পাশে দাঁড়িয়েছেন।
যা সমস্যা হয়েছে, সব সমস্যার শ্রষ্ঠা মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ শানিয়েছেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী।
এদিকে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্তিয়ার নিয়ে প্রশ্ন তুলেছেন শুভেন্দু। তাঁর কথায়, এসএসসি স্বশাসিত সংস্থা এবং মুখ্যমন্ত্রী একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। সুপ্রিম কোর্ট এসএসসি-র মামলার বিজ্ঞপ্তি সংক্রান্ত নির্দেশ দিয়েছিল। তাহলে নবান্ন থেকে মুখ্যমন্ত্রী এই নিয়ে ঘোষণা কীভাবে করতে পারেন, সেই প্রশ্নই তুলেছেন বিজেপি বিধায়ক। ব্যাপারটি নিয়ে শুভেন্দু অধিকারী আদালতে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন। পাশাপাশি, এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারই দায়ী, সেই অভিযোগ মঙ্গলবারই তুলেছেন বিরোধী দলনেতা।
যদিও, বিরোধীদের একযোগে আক্রমণ শানিয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। কুণালের নিশানায় ছিল বিশেষ করে বাম-বিজেপি দুই শিবিরই।
মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী জানান, সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করে হলফনামা পেশ করতে হবে। সর্বোচ্চ আদালতের সেই নির্দেশ মেনে ৩০ মে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আর এ নিয়েই শাসক-বিরোধী তর্জা অব্যাহত।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?