সময় কলকাতা ডেস্ক:- গত মাসে পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় ২৬ জন নিরীহের মৃত্যু, ভারতীয় সেনার অপারেশন সিঁদুর নিয়ে রাজ্য বিধানসভায় আগেই প্রস্তাবের কথা জানানো হয়েছিল। এবার তার দিনক্ষণ ঘোষণা করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আগামী সপ্তাহে, ১০ জুন সেনাকে সম্মান জানিয়ে প্রস্তাব পেশ হতে চলেছে বিধানসভায়। ওইদিন বিধানসভায় উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। তাঁর উপস্থিতিতে স্পিকার নিজেই প্রস্তাব আনবেন বলে জানিয়েছেন।
আগামী ৯ জুন, সোমবার দুপুর ১২ টা থেকে শুরু হচ্ছে বিধানসভার বাদল অধিবেশন। চলবে আগামী দু’সপ্তাহ। আর ১০ তারিখ গুরুত্বপূর্ণ প্রস্তাব আনা হচ্ছে।
জানা গিয়েছে, ১১ ও ১২ তারিখ স্ট্যান্ডিং কমিটির রিপোর্টের উপর আলোচনা হবে দু’ঘণ্টা ধরে। গুরুত্বপূর্ণ অধিবেশন শান্তিপূর্ণভাবে যেন করা যায়, তার আবেদন সরকার আর বিরোধী পক্ষের কাছে জানান অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।
এর আগে একাধিক অধিবেশনে গুরুত্বপূর্ণ আলোচনার সময় বিজেপি বিধায়কদের ওয়াকআউট করে বেরিয়ে যেতে দেখা গিয়েছে। তবে পহেলগাঁও আবহে সেনাকে সম্মান জানিয়ে রাজ্য বিধানসভায় যে প্রস্তাব আনা হবে, তাতেও যদি বিজেপি যোগ না দেয়, তাহলে তা নিন্দনীয় হবে নিঃসন্দেহে।
গত মাসেই স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৯ জুন থেকে শুরু হতে চলা বিধানসভার অধিবেশনে সেনাবাহিনীকে সম্মান জানিয়ে অপারেশন সিঁদুর নিয়ে প্রস্তাব আসছে। শাসকদল যদি প্রস্তাব না আনে, তাহলে নিজের ক্ষমতাবলে সেই প্রস্তাব আনবেন স্পিকার নিজে।
তাঁর এই বক্তব্যের পর রাজনৈতিক মহল মনে করছিল, জাতীয়তাবাদ নিয়ে বিজেপিকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল। ইতিমধ্যেই সভা, সমিতি, মিছিলের মধ্যে দিয়ে জাতীয়তাবাদে অস্ত্রে শান দিয়েছে তারা। এবার বিধানসভায় সেই অস্ত্র আরও একবার প্রয়োগ করতে চায় রাজ্যের শাসকদল। বৃহস্পতিবার স্পিকারের বক্তব্যে আরও একবার তা স্পষ্ট হল। বৃহস্পতিবার বিধানসভায় ছিল সর্বদলীয় বৈঠক।
স্পিকার জানিয়েছেন, আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী ছাড়া বিরোধী দলের অন্য কোনও বিধায়ক উপস্থিত ছিলেন না সেখানে। তার পরেই প্রশ্ন উঠছে, আসন্ন অধিবেশন কতটা মসৃণ ভাবে চলবে? স্পিকারের যদিও আশা, আসন্ন অধিবেশনে বিরোধীদের সাহায্য পাবেন।
স্পিকার জানিয়েছেন, গঙ্গার ভাঙন এবং পানীয় জলের সমস্যা নিয়ে এ বার দু’টি প্রস্তাব আসতে চলেছে। সাথে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল আসতে চলেছে বিধানসভায়। প্রায় দু’সপ্তাহ চলবে বিধানসভা অধিবেশন।


More Stories
অহংকার মমতার পতনের কারণ বললেন জগন্নাথ দয়িতাপতি
অভিষেকের জন্য জেলে গিয়েছিলাম : অনুব্রত
আর পারলেন না, মমতার হয়ে মদনের লড়াই শেষ