Home » ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আট সদস্যের প্রতিনিধিদল গঠন নবান্নের, রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আট সদস্যের প্রতিনিধিদল গঠন নবান্নের, রিপোর্ট নেবেন মুখ্যমন্ত্রী

সময় কলকাতা ডেস্ক:- উত্তরবঙ্গে চলছে লাগাতার বৃষ্টি। যার জেরে নদীগুলির জলস্তর বেড়েছে। অনেক জায়গায় ভূমিধস দেখা গিয়েছে। জলমগ্ন বহু এলাকা। এই পরিস্থিতিতেই উত্তরবঙ্গের পরিস্থিতি খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের একটি বিশেষদল গঠন করল নবান্ন। এই বিশেষ দলের মাথায় রয়েছেন অতিরিক্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়ালা। তাঁর অধীনে কাজ করবে সাত সদস্যের দল।

একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নবান্ন জানিয়েছে, দলে রয়েছেন কৃষিদপ্তরের সচিব ওঙ্কার সিং মিনা, স্বাস্থ্যদপ্তরের সচিব শুভাঞ্জন দাস। রাজ্যের পঞ্চায়েত সচিব পি উলগানাথন ও ডব্লিউবিএসইডিসিএল-এর ডিরেক্টর অভিজিৎ লাটুয়া। এই চার অফিসারের সঙ্গে রয়েছেন তিন ইঞ্জিনিয়ার। দলে রাখা হয়েছে পিএইচই দফতরের উত্তরবঙ্গ জোনের চিফ ইঞ্জিনিয়ার শান্তনু চৌধুরী। রয়েছেন সেচ ও জলপথ বিষয়ক দপ্তরের নর্থ-ইস্টের প্রধান ইঞ্জিনিয়ার কৃষ্ণেন্দু ভৌমিক। রয়েছেন নর্থ জোনের মুখ্য ইঞ্জিনিয়ার দেবাশিস মৌলিক। এই দলের মাথায় রয়ছেন অতিরিক্ত মুখ্যসচিব। তাঁকে নিয়ে দলে রয়েছেন মোট ৮ জন।

পরিস্থিতির গুরুত্ব বিচার করে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ত্রাণ ও উদ্ধারকাজ পরিচালনার নির্দেশ দেওয়া হয়েছে। এই দলের মূল লক্ষ্য ক্ষতিগ্রস্ত এলাকা চিহ্নিত করে দ্রুত মেরামতির পরিকল্পনা, পানীয় জল, বিদ্যুৎ এবং স্বাস্থ্য পরিষেবা সচল রাখা। এদিকে মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গে গিয়েছেন সেচ মন্ত্রী মানস ভুঁইয়া। সার্কিট হাউসে উচ্চ পর্যায়ের বৈঠকের পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক বন্যা কবলিত এলাকা পরিদর্শন করেন তিনি।

গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গের একাধিক জেলায় প্রবল বৃষ্টির কারণে নদীভাঙন, রাস্তায় ধসের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক গ্রামীণ এলাকা জলের নীচে। এই অবস্থায় রাজ্যের তৎপরতা কিছুটা হলেও স্বস্তি দিচ্ছে এলাকাবাসীকে। জানা গিয়েছে, রাজ্যের মুখ্যমন্ত্রী নিজে এই দলের কাজের উপর নজর রাখবেন এবং নিয়মিত রিপোর্ট চাইবেন।

About Post Author