সময় কলকাতা ডেস্ক:- মধ্যপ্রাচ্যে যুদ্ধের মেঘ আরও ঘন হচ্ছে। ভয়ঙ্কর মোড় নিচ্ছে ইজরায়েল-ইরানের সংঘাত। অপারেশন রাইজিং লাওন শুরু করেছে ইজরায়েল। কয়েক ঘণ্টার মধ্যেই প্রত্যাঘাত করে ইরান। সেই সংঘাত চলছে, থামার নাম নেই। টানা ৪দিন ধরে একে অপরের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইরান-ইজরায়েল। রবিবার সকাল থেকে শুরু করে সারারাত আকাশপথে হামলা চলে। তার জেরে ইরানে মৃতের সংখ্যা প্রায় ২২০ জনেরও বেশি। ইজরায়েলেও ১৩ জনের বেশি মৃত্যুর খবর মিলেছে। এই রক্তক্ষয়ী পরিস্থিতিতে ইরানের অস্ত্র উৎপাদনকারী ভবন এবং বিদেশমন্ত্রকের ভবনে হামলা চালিয়েছে ইজরায়েল। তার জেরে মৃত্যু হয়েছে ইরান রেভোলিউশনারি গার্ডের গোয়েন্দাপ্রধানেরও।
তা সত্ত্বেও শান্তি প্রস্তাব নিয়ে আলোচনায় বসতে নারাজ তেহরান। গত শুক্রবার ইরানের সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্রভাণ্ডার লক্ষ্য করে আকাশপথে হামলা চালায় ইজরায়েল। তার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অব স্টাফ মহম্মদ বাঘেরি, রেভোলিউশনারি গার্ডসের কমান্ডার হোসেন সালামি, ইরানের এমার্জেন্সি কমান্ডের কমান্ডার-সহ একাধিক সেনা আধিকারিকের। পাল্টা দিয়ে ‘অপারেশন ট্রু প্রমিস ৩’ শুরু করে ইরান। তেল আভিভের একাধিক এলাকায় আছড়ে পড়ে ইরানের ড্রোন আক্রমণ। তারপর টানা চারদিন ধরে প্রতিপক্ষের হামলায় কেঁপে উঠেছে মধ্যপ্রাচ্যের দুই দেশ। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। রবিবার মাঝরাত থেকে ফের হামলার তীব্রতা বাড়িয়েছে তেল আভিভ।
তার জেরে প্রাণ হারিয়েছেন ইরান রেভোলিউশনারি গার্ডের গোয়েন্দাপ্রধান মহম্মদ কাজেম। ইজরায়েলি সেনার তরফে জানানো হয়, ইরানি সেনা, রেভোলিউশনারি গার্ড এবং কুদস ফোর্সের বেশ কিছু অস্ত্র উৎপাদন কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
পাল্টা ইরানের দাবি, ইজরায়েল ইচ্ছাকৃতভাবে হামলা চালিয়েছে তাদের একাধিক তেল শোধনাগারে এবং তেহরানে বিদেশমন্ত্রকের ভবনে। তাতে বহু সাধারণ মানুষ জখম হয়েছেন বলেই খবর। সোমবার সকাল থেকে ইজরায়েল লক্ষ্য করে নতুন সালভো মিসাইল ছুড়ছে ইরান। রবিবার গভীর রাতে জেরুজালেম শহরে বাজতে থাকে এয়ার রেড সাইরেন।
ইজরায়েল ডিফেন্স ফোর্স জানিয়েছে, ইরানি মিসাইল আসছে। একাধিক ভিডিওতে ধরা পড়েছে সেই দৃশ্য। দেখা যায়, আকাশে ছুটে চলেছে মিসাইল, মাঝপথেই অনেকগুলোকে ধ্বংস করছে ইজরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে নির্দেশ দিয়েছে ইজরায়েল প্রশাসন। এসবের মাঝেই আমেরিকার একটি সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, ইজরায়েল এই সংঘর্ষের আবহে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেইনিকে হত্যা করার পরিকল্পনা করেছিল, কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই পরিকল্পনায় স্থগিতাদেশ জারি করেন। তবে টানা চারদিন ধরে সংঘাত চললেও শান্তির পথে হাঁটতে রাজি নয় ইরান।


More Stories
কোটি কোটি টাকার চুক্তি :কীভাবে ধোঁকা দিয়ে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টকে বোকা বানালেন ভারতীয় বংশোদ্ভুত ব্যবসায়ী গৌরব?
বিশ্বকাপে শিল্পময় লাতিন আমেরিকার শিবরাত্রির সলতে আর্জেন্টিনা
ট্রাম্পের নির্দেশে বিশ্বকাপে আমেরিকান ফুটবলারের রেড কার্ডের সাসপেনশন উঠে গেল