Home » খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬০০ দোকান

খিদিরপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ৬০০ দোকান

সময় কলকাতা ডেস্ক:- ফের অগ্নিকাণ্ড কলকাতায়। রবিবার রাত ২ টো নাগাদ খিদিরপুরের অরফ্যানগঞ্জ মার্কেটে আগুন লাগে। পুড়ে ছাই হয়ে যায় ছয় শতাধিক দোকান। দমকলের ২০ টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করছে। সোমবার ভোরেই ঘটনাস্থলে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। উপস্থিত হন দমকলমন্ত্রী সুজিত বসুও। দমকলমন্ত্রীকে ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তবে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। হতাহতেরও কোনও খবর নেই।

প্রসঙ্গত, এপ্রিলে বড়বাজারে ফলপট্টির একটি হোটেলে আগুন লেগেছিল। দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছিল প্রায় ১৪ জনের। অনেকেই প্রাণ বাঁচাতে ছাদে উঠে গিয়েছিলেন। তাঁদের উদ্ধার করেছিল দমকল। সেই ঘটনার রেশ কাটার আগেই ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল কলকাতায়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, খিদিরপুর বাজারে ১৩০০ দোকান রয়েছে। এর মধ্যে প্রায় ৬০০ দোকান়ই ছাই হয়ে গিয়েছে। তবে দমকলকর্মীরা জানিয়েছেন, বিক্ষিপ্ত কিছু ফায়ার পকেট ছাড়া মোটের ওপর আগুন অনেকটাই নিয়ন্ত্রণে। কুলিং ডাউনও শুরু হয়েছে। স্থানীয় ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে কয়েক লাখ টাকার জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে।

ঘটনার সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলে। কিন্তু প্রায় একঘণ্টা দেরিতে দমকল আসে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। ততক্ষণে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। খিদিরপুর উড়ালপুল থেকেই আগুন নেভানোর কাজ শুরু করে দমকল। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু। তাঁকে দেখেই ক্ষোভে ফেটে পড়েন ব্যাবসায়ীরা। দমকলমন্ত্রীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ।

সুজিত বসু জানান, ফায়ার পকেট চিহ্নিত করে আগুন নেভানোর কাজ চলছে।

স্থানীয় ব্যবসায়ীরা জানান, রাতে আচমকাই দাউদাউ করে জ্বলে ওঠে খিদিরপুর বাজারের কয়েকটি দোকান। কালো ধোঁয়া বেরতে থাকে। খবর পেয়ে জড়ো হতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই প্রথমে আগুন নেভানোর কাজে হাত লাগান। কিন্তু আগুন ততক্ষণে নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এলাকাবাসীর একাংশের অভিযোগ, বাজারের অধিকাংশ দোকানে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ মজুত ছিল। তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

About Post Author