Home » বারান্দায় ঝুলছে দেহ, দু’হাত বাঁধা, গোঘাটে বিজেপি কর্মীর মৃত্যু কী আত্মহত্যা নাকি খুন?

বারান্দায় ঝুলছে দেহ, দু’হাত বাঁধা, গোঘাটে বিজেপি কর্মীর মৃত্যু কী আত্মহত্যা নাকি খুন?

সময় কলকাতা ডেস্ক:- বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধারে প্রবল চাঞ্চল্য গোঘাটে। মৃতের নাম শেখ বাকিবুল্লা (৩৫)। শনিবার সান বাঁধি এলাকায় নিজের বাড়ি থেকেই দু’হাত বাঁধা অবস্থায় তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এই ঘটনাকে পরিকল্পিত খুন বলে দাবি করেছে বিজেপি। তবে পুলিশের দাবি, আত্মহত্যার ঘটনা। প্রশ্ন উঠছে পুলিশের ভূমিকা নিয়ে। তদন্ত না করেই কিভাবে এই অস্বাভাবিক মৃত্যু আত্মহত্যা ঠিক করল পুলিশ?

এদিকে, তৃণমূলের গোঘাট এক নম্বর ব্লক সভাপতি সঞ্জিত পাখিরা বলেন,‘সব মৃত্যুই দুঃখজনক। আমরা মৃতের পরিবারের পাশে আছি। যথাযথ তদন্ত করে দোষীদের খুঁজে বের করুক পুলিশ।’

বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, ‘এটা পরিষ্কার খুন। পরিকল্পিত ভাবে আমাদের কর্মীকে খুন করা হয়েছে।’ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠয়েছে পুলিশ। হুগলি গ্রামীণ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার কৃশাণু রায় বলেন, ‘প্রাথমিক তদন্তে আত্মহত্যা বলেই মনে হচ্ছে। মৃতের মোবাইলে একটা সুইসাইড নোটও পাওয়া গিয়েছে।’

মৃতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, কাজের জন্য সৌদি আরব যাওয়ার কথা ছিল বাকিবুল্লার। তার আগেই এ দিন ভোরবেলা নিজের বাড়ির একতলার বারান্দার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস লাগানো দেহ উদ্ধার হলো। স্থানীয়রাই প্রথমে দেহ দেখতে পান। মৃতের দুই হাতই বাঁধা ছিল বলে জানিয়েছে পুলিশ। পরিবারের প্রশ্ন, যে মানুষটা টাকা খরচ করে কাজের জন্য সৌদি আরব যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন সে হঠাৎ আত্মহত্যা করতে যাবে কেন?

মৃতদেহ উদ্ধার হতেই হইচই পড়ে যায় এলাকায়। স্থানীয়রাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে হাজির হন পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। পৌঁছে যান বিজেপির আরামবাগ জেলা সাংগঠনিক সভাপতি সুশান্ত বেরা-সহ একাধিক নেতা ও কর্মীও। তাঁদের অভিযোগ, এটা পরিকল্পিত খুন। তাঁদের দাবি, বাকিবুল্লা কে দেখে এলাকার বহু মুসলিম যুবক পরিবার তাঁরা বিজেপি করছিলেন। তার ওপর বাকিবুল্লা কাজের জন্য বিদেশে গেলে এটা এলাকায় প্রচার হয়ে যাচ্ছিল, রাজ্যে কাজ নেই তাই এলাকার যুবক যুবতীরা ভিন রাজ্যে ভিন দেশে কাজের জন্য পাড়ি দিচ্ছেন। আর এই সব সহ্য করতে পারেনি এলাকার তৃণমূল কংগ্রেস।

About Post Author