সময় কলকাতা ডেস্ক:- বিজেপি-র চার বিধায়ক বিধানসভার চলতি অধিবেশন থেকে সাসপেন্ড। সোমবার ওই বিধায়কদের সাসপেনশন নিয়ে উত্তাল হলো বিধানসভা। এ দিন সাসপেন্ড হওয়ার পরেও বিজেপির চার বিধায়ক শঙ্কর ঘোষ, অগ্নিমিত্রা পাল, দীপক বর্মন ও মনোজ ওরাওঁ সভাকক্ষেই ছিলেন। সূত্রের খবর, এর পরেই স্পিকার তাঁদের মার্শাল দিয়ে বের করে দিতে বলেন। তাতেই তুমুল অশান্তি শুরু হয়।
শঙ্কর ঘোষ, মনোজ ওরাওঁকে পাঁজাকোলা করে সভাকক্ষ থেকে বের করে দেওয়ার সময় মার্শালের সঙ্গে পুরুলিয়ার বিজেপি বিধায়ক সুদীপ মুখোপাধ্যায়ের প্রায় হাতাহাতি বাধে। অভিযোগ, অধিবেশন কক্ষের মাইক ভাঙা হয়, টেবিল ভেঙে দেওয়া হয়।
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান, অভিযোগ এসেছে। যাঁরা ভেঙেছে, তদন্ত করে ব্যবস্থা নেব। বিজেপির অভিযোগ, এই গোলমালে তাঁদের বিধায়কদের চশমা ভেঙেছে, ঘড়ি নষ্ট হয়েছে। সেই ঘড়ি ও চশমা স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
স্পিকারকে শুভেন্দু বলেন, ‘আপনি ড্রামা করবেন না। এটা আপনার পাড়া নয়।’ শুভেন্দুর অভিযোগ, বিজেপির বিধায়কদের মারধর করা হয়েছে। শুভেন্দুর অভিযোগের ভিত্তিতে স্পিকার জানান, যে সমস্ত অভিযোগ এসেছে, তদন্ত করে দেখা হবে।


More Stories
বালাসাহেব-উদ্ধব ও একনাথই কি যথাক্রমে মমতা – অভিষেক ও ঋতব্রত?
গ্রেফতার কলকাতা পুরসভার দুই কাউন্সিলর
আরজিকর কাণ্ডের আইনি ফাঁসে রচনা