Home » এবার থেকে কথায় সংযত হওয়ার বার্তা পদ্ম-নেতাদের

এবার থেকে কথায় সংযত হওয়ার বার্তা পদ্ম-নেতাদের

সময় কলকাতা ডেস্ক:- ‘অপারেশন সিঁদুর’-এর পরে দলের কিছু নেতার আলটপকা মন্তব্যে চরম বিড়ম্বনায় পড়তে হয়েছিল নরেন্দ্র মোদী, অমিত শাহদের। পশ্চিম এশিয়ায় অশান্তির আবহে তার পুনরাবৃত্তি চাইছেন না গেরুয়া নেতৃত্ব।

সূত্রের খবর, রবিবার ইরানে আমেরিকার এয়ার স্ট্রাইকের পরে দলীয় মুখপাত্রদের তাঁরা এ বিষয়ে মুখে কুলুপ আঁটার নির্দেশ দিয়েছেন। একান্তই পশ্চিম এশিয়ার সংঘর্ষ পরিস্থিতি নিয়ে কিছু বলতে হলে, শুধুই শান্তির বাণী ছড়াতে বলা হয়েছে দলীয় নেতা–নেত্রীদের।

সব থেকে ভালো হয় কিছুই না বললে। দলের কোনও নেতাকে সংবাদমাধ্যমে পশ্চিম এশিয়ার পরিস্থিতি নিয়ে কিছু বলতে হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এ দিনের এক্স হ্যান্ডল পোস্টের ‘স্পিরিট’টা মাথায় রাখতে বলা হয়েছে।

বিজেপির এক কেন্দ্রীয় নেতার কথায়, ‘অপারেশন সিঁদুরের পরেও পাখি পড়ানোর মতো দলের সবাইকে শেখানো হয়েছিল যে, সংবাদমাধ্যমে এই অপারেশন সম্পর্কে কী কী বলা যাবে, আর কী কী বলা যাবে না। কিন্তু তারপরেও তো সবাইকে নিয়ন্ত্রণ করা যায়নি। এ ক্ষেত্রে কতটা লাগাম টানা যায়, সেটা সময়ই বলবে।’

বিজেপির শীর্ষ নেতৃত্ব বিলক্ষণ জানেন, এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দলের অনেকে আমেরিকার পক্ষ নিয়ে মন্তব্য করতে শুরু করবেন, কেউ বা বিপক্ষে। জল ততদূর গড়ানোর আগেই বিজেপির শীর্ষ নেতৃত্বর তরফে সবাইকে সতর্ক করে বলা হয়, পার্টির দায়িত্বপ্রাপ্ত কোনও নেতা পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি নিয়ে এমন কোনও মন্তব্য করবেন না, যা ভারতের বিদেশনীতির বিরুদ্ধে যায়।

ইরান–ইজরায়েল সংঘর্ষ আমেরিকার নাক গলানো উচিত কি না, সে সব নিয়ে দলের কেউ সংবাদমাধ্যমে মন্তব্য করলে তার প্রভাব পড়বে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে। তাই দলের সবাইকে এ বিষয়ে সতর্ক করা হয়েছে।

About Post Author