Home » ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য

ওবিসি মামলায় সুপ্রিম কোর্টের রায়ে স্বস্তিতে রাজ্য

সময় কলকাতা ডেস্ক:- ওবিসির নতুন তালিকা নিয়ে স্থগিতাদেশ জারি করেছিল কলকাতা হাইকোর্ট। ওই রায়কে পাল্টা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। আর সেই মামলার শুনানিতেই এবার কিছুটা স্বস্তি পেল রাজ্য সরকার। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বিআর গাভাইয়ের বেঞ্চ কলকাতা হাইকোর্টের ওই নির্দেশে স্থগিতাদেশ জারি করল।

এদিন সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়েছে যে, রাজ্য সরকারের সিদ্ধান্ত যেভাবে হাইকোর্ট খারিজ করেছে সেই পদ্ধতি যথাযথ হয়নি, বিষয়টি আরও গভীর ভাবে পর্যবেক্ষণ করা প্রয়োজন। পাশাপাশি অবিলম্বে নতুন বেঞ্চ গঠন করে দ্রুত শুনানি শেষ করারও নির্দেশ দেওয়া হয়েছে শীর্ষ আদালতের তরফে। অর্থাৎ হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ বদলানোর সুপারিশ করেছে সুপ্রিম কোর্ট।

গত জুন মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ রাজ্য সরকারের একটি বিজ্ঞপ্তির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছিল। নির্দেশ ছিল, ৩১ জুলাই পর্যন্ত ওই স্থগিতাদেশ বহাল থাকবে।

সেই নির্দেশ ঘিরে প্রশ্ন উঠেছিল, তবে কি কলেজে ভর্তির প্রক্রিয়া বন্ধ হয়ে পড়বে? বহু পড়ুয়া এবং অভিভাবকের মনেই এই প্রশ্ন ঘুরছিল।

তবে, হাইকোর্ট সাফ জানিয়ে দিয়েছিল, কলেজে ভর্তির প্রক্রিয়ায় কোনও বাধা নেই। এরপরই রাজ্য সরকার সেই অন্তর্বর্তী নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সোমবার সুপ্রিম কোর্টে ছিল সেই মামলার শুনানি। সেখানে হাই কোর্টের ওই নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করে শীর্ষ আদালত।

About Post Author