সময় কলকাতা ডেস্ক:- বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন শুরু করেছে নির্বাচন কমিশন। ভুয়ো ভোটার ধরতে যে ১১টি নথির তালিকা দেওয়া হয়েছে তাতে আধার, ভোটার বা রেশন কার্ড নেই। এর পিছনে যুক্তি ছিল, এই সব নথি জাল হতে পারে। সোমবার শুনানিতে এই নিয়ে প্রশ্ন তুলল সুপ্রিম কোর্ট।
এসআইআর-এ কোন কোন নথি বিবেচনা করা হবে, তার একটি তালিকা প্রকাশ করেছিল কমিশন। সেখানে আধার কার্ড বা ভোটার কার্ডের মতো সহজলভ্য নথি রাখা হয়নি। সোমবার সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর বেঞ্চ আধার-ভোটার, দুই নথিকেই বিবেচনার তালিকায় অন্তর্ভুক্ত করতে বলেছেন। বিহারে ভোটার তালিকায় বিশেষ সংশোধনে স্থগিতাদেশ নয়।
শীর্ষ আদালতের পরামর্শ, তালিকা সংশোধনে আধার, ভোটার কার্ড বিবেচনা করা হোক। নির্বাচন কমিশনের উদ্দেশে বিচারপতি সূর্যকান্ত বলেন, পৃথিবীর যে কোনও নথিই তো জাল হতে পারে।
তাহলে ভোটার, আধার, রেশন কার্ড নেবেন না কেন?
শুধু তাই নয়, ভোটার রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপের সময়ে আধার কার্ড নথি হিসেবে জমা দিতে হয়। নির্বাচন কমিশনই এই নথি চায়।
তাহলে স্পেশাল ইনটেনসিভ রিভিশনে এই নথি নেওয়া হবে না কেন, সেই প্রশ্নও তুলেছে সুপ্রিম কোর্ট। যদিও এই নিয়ে এখনও পর্যন্ত কোনও সুনির্দিষ্ট এবং বিস্তারিত ব্যাখ্যা দেয়নি কমিশন। সোমবার খসড়া তালিকায় স্থগিতাদেশের আর্জি করেন আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ ও কপিল সিব্বল।
শীর্ষ আদালতে তাঁরা সওয়াল করেন, আধার, ভোটার কার্ড, রেশন কার্ডকে বিবেচনা করার কথা বলেছিল আদালত। সুপ্রিম কোর্ট জানায়, জাতীয় নির্বাচন কমিশনের উত্তর ঠিক করে পড়েননি।
নির্বাচন কমিশনের আইনজীবী জানান, শুধুমাত্র খসড়া, অভিযোগ থাকলে সংশোধনের সুযোগ রয়েছে। এর পরই সুপ্রিম কোর্ট জানায়, এখন স্থগিতাদেশের প্রয়োজন নেই। ভোটমুখী বিহারে নির্বাচন কমিশনের নিবিড় ভোটার তালিকা সংশোধনের উদ্যোগের বিরুদ্ধে যে দশটির মতো আবেদন জমা পড়েছিল, তা নিয়ে সোমবার সুপ্রিম কোর্টে শুনানি হয়। বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে এই মামলার শুনানি হয়।
সেই শুনানিতেই আধার, ভোটার, রেশন কার্ডকে প্রামাণ্য নথি হিসেবে না নেওয়ার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত। শুধু তাই নয়, এই সব নথিও এই তালিকায় যোগ করার প্রয়োজন রয়েছে বলে জোর দিয়ে জানিয়েছেন তিনি।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোদি ও বিজেপিকে খোঁচা : আগাম জামিন পেলেন নিয়ে নেহা সিং রাঠোর