সময় কলকাতা ডেস্ক:- শুক্রবার কলকাতায় মেট্রো রেলের নতুন পরিষেবার উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর এ ধরনের সফরে রথ দেখা ও কলা বেচা দুটিই করা হয়। তাই সরকারি অনুষ্ঠানের পাশাপাশি রাজনৈতিক সভাও করার কথা প্রধানমন্ত্রীর। বিজেপির কর্মিসভায় যোগ দেবেন তিনি। তার আগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী মেট্রো রেলের অনুষ্ঠানকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে জনরোষের কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী লেখেন, কলকাতায় বিজেপি কর্মিসভায় যোগ দিতে আগ্রহের সঙ্গে অপেক্ষা করছেন। প্রতিদিনই মানুষের ক্ষোভ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বাড়ছে। উন্নয়নের এজেন্ডার জন্য পশ্চিমবঙ্গ এখন আশা নিয়ে বিজেপির দিকে তাকিয়ে আছে।
প্রধানমন্ত্রী বিজেপির উন্নয়নের রূপরেখা তুলে ধরেন এবং তৃণমূল সরকারের বিরুদ্ধে দুর্নীতি, সন্ত্রাস এবং অপশাসনের অভিযোগ তুলে ধরেন। মোদি বলেন, বাংলার মানুষ তৃণমূলের অপশাসন, দুর্নীতি এবং সন্ত্রাসের রাজনীতিতে ক্লান্ত। বাংলায় একটানা প্রায় ১৫ বছর ধরে ক্ষমতায় রয়েছে তৃণমূল কংগ্রেস।
এতদিন একটানা ক্ষমতায় থাকলে স্বাভাবিক নিয়মেই প্রতিষ্ঠান বিরোধিতা তৈরি হয়। বাংলাতেও সেই সব লক্ষণ ইদানিং দেখা যাচ্ছে। অনেকের মতে, আসন্ন নির্বাচনের কথা মাথায় রেখে প্রধানমন্ত্রী মোদির এই সরকারি অনুষ্ঠান বা কর্মিসভা শুধু একটি সাংগঠনিক কর্মসূচি নয়, বরং রাজ্যে বিজেপির শক্তি বাড়ানোর কৌশলও বটে।
উন্নয়নকে সামনে রেখে বিজেপি রাজ্যে বিকল্প সরকারের বার্তা ছড়াতে চাইছে। প্রধানমন্ত্রীর এই টুইট সরাসরি ইঙ্গিত দিচ্ছে যে বিজেপি এখন রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে জনঅসন্তোষকে রাজনৈতিক মূলধন হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে তৃণমূলের পাল্টা বক্তব্য, প্রধানমন্ত্রীর এ সব কথা স্রেফ লোক দেখানো। বিজেপি শুধুই বিভাজন ও বিদ্বেষের রাজনীতি করছে, উন্নয়ন নয়।
আসলে প্রধানমন্ত্রী এই কর্মসূচিকে শুধু পরিকাঠামো উন্নয়নের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি। তাঁর বার্তায় স্পষ্ট — কেন্দ্র সরকার কলকাতার উন্নয়ন ও নাগরিকদের সুবিধার্থে দীর্ঘমেয়াদি পরিকল্পনায় প্রতিশ্রুতিবদ্ধ।
মোদির এই সফরকে ঘিরে রাজনৈতিক উষ্ণতা বেড়েছে। বিজেপি দাবি করছে, এই ধরনের প্রকল্প শহরে উন্নয়নের নতুন দুয়ার খুলে দিচ্ছে। অন্যদিকে তৃণমূল শিবির বলছে, এ সবই মানুষের করের টাকায় তৈরি, বিজেপির একার কৃতিত্ব নয়।


More Stories
বিক্ষোভ দেখাতে গিয়ে গ্রেফতার অসিত মজুমদার
অভিষেক নিগ্রহ পর্ব : আদতে হয়েছিল কী? বিভিন্ন রাজনৈতিক মহল, নেতা-নেত্রীরা কী বলছেন!
সোনারপুরে অভিষেককে মারধর, মেরে জামা ছিঁড়ে দেওয়া হল অভিষেকের