Home » সময়ের আগেই কি এল বর্ষা !

সময়ের আগেই কি এল বর্ষা !

সময় কলকাতা ডেস্কঃ নির্দিষ্ট সময়ের দুদিন আগেই দেশে এল বর্ষা। সাধারণত জুন মাসের প্রথমেই বর্ষার আগমন হলেও এবারে ঠিক তার দু’দিন আগেই এসে গেল দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু। সারা দেশের মানুষকে স্বস্তি দিল আবহাওয়া দপ্তরের পূর্বাভাস । বিগত বেশ কিছু বছরের রেকর্ড ভেঙে এবার বর্ষার দ্রুত আগমন ঘটলো দেশে।

সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে বর্জ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঝোড়ো হাওয়াও বইবে বলেই জানা গিয়েছে। এমনকি ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। অন্যদিকে পার্বত্য এলাকা ছাড়া প্রায় গোটা বঙ্গেই পর্যাপ্ত জলীয় বাষ্প উপস্থিত রয়েছে। ফলে স্থানীয় ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে দুই বঙ্গেই সকাল থেকে সন্ধে পর্যন্ত বিক্ষিপ্তভাবে এবং আঞ্চলিক এলাকায় এক বা দু দফা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

জানা গিয়েছে, সোমবার তিলোত্তমায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে আপেক্ষিক আর্দ্রতাজনিত কারণে অস্বস্তিও বৃদ্ধি পাবে। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে রবিবার শহর কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি এবং এদিন সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। সোমবার বিকেলের দিকে শহরে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ঘণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। এদিন কলকাতার বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯০ শতাংশ থাকবে।

About Post Author